মালদা
বিধানসভা নির্বাচনে দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে মানিকচক ঘাটে তল্লাশি অভিযান প্রশাসনের
নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ০৩ মার্চ : নির্বিঘ্নে একুশের বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে তৎপর মালদা জেলার পুলিশ প্রশাসন। বুধবার মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাসের নেতৃত্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মানিকচক ঘাটে তল্লাশি অভিযান চালান পুলিশকর্মীরা। পাশাপাশি মানিকচক ঘাটে নৌকায় করে আসা যাত্রীদের জিনিসপত্র এমনকি সচিত্র পরিচয় পত্র খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে নদীপথেও জারি থাকবে তল্লাশি অভিযান।
উল্লেখ্য, অবাধ ও সুষ্ঠুভাবে আসন্ন বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে তৎপর মালদা জেলা পুলিশ প্রশাসন। মালদা জেলার মানিকচক থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের অন্যতম আন্তঃরাজ্য জলপথ সীমান্তে বিশেষ নজরদারী অভিযান শুরু করলো বুধবার থেকে। মালদার মানিকচক ঘাটে গঙ্গা নদীপথে প্রতিদিন ঝাড়খন্ড রাজ্য থেকে বিভিন্ন কাজের কারনে মানুষেরা মানিকচক দিয়ে প্রবেশ করে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে যান। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে বুধবার মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাসের মানিকচক ঘাটে নৌকায় করে আসা যাত্রীদের জিনিসপত্র, পরিচয়পত্র, মটরবাইক সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। পাশাপাশি নৌকা ও পুলিশ বোটের মাধ্যমে নদীপথে তল্লাশি অভিযান চালান মানিকচক থানার এ এস আই কানাই সিংহ সহ পুলিশকর্মীরা। উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি মানিকচকের ফুলহার নদী সংলগ্ন এলাকা থেকে বেশকিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ বিহারের ৩ জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে মানিকচক থানা পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বিধানসভা নির্বাচনে নদীপথে অপরাধমূলক কাজকর্ম করতে দুষ্কৃতীরা মানিকচকের জলপথ দিয়ে জেলায় প্রবেশ করার চেষ্টা করে। তাই এই সমস্ত অবৈধ কাজ রুখতে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে নদীপথগুলিতেও। এপ্রসঙ্গে মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, মালদা জেলার মধ্যে আন্তঃরাজ্য সীমান্তবর্তী যে সমস্ত থানা রয়েছে সমস্ত জায়গায় বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোরদার নাকা চেকিং চলছে। আমরা বেশ কিছু জায়গায় আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতীদের গ্রেপ্তার করে সাফল্য পেয়েছি। তেমনি মালদা জেলার মানিকচক থানার গঙ্গা নদীতে পুলিশ প্রতিনিয়ত নাকা চেকিং করছে। মূলত অপরাধ মূলক কার্যকলাপ রুখতে এই বিশেষ অভিযান চালাচ্ছে মালদা জেলা পুলিশ আধিকারিকেরা।
