দক্ষিণ দিনাজপুর
বাড়িতে টেবিল ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বালক
পতিরাম, ১৯ মে :দক্ষিণ দিনাজপুরের পতিরামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বারো বছরের এক কিশোরের। মৃত কিশোরের নাম সজল হালদার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের চক বরম এলাকায়।
জানা গিয়েছে, ওই কিশোরের মামাবাড়ি পারপতিরাম শিব মন্দির এলাকায়। সে মামাদের সাথেই থাকতো। তার মামা তাকে বুধবার গরুর খাবারের জন্য বিচালি (খড়) কেটে দিতে বলে। কিন্তু গরমের কারণে ঘর থেকে টেবিল ফ্যান এনে লাগানোর চেষ্টা করলে কোন কারণে সেই ফ্যানটি শর্ট-সার্কিট হয়ে যায়। আর সেই সময় তড়িদাহত হয়ে ওই কিশোরের মৃত্যু হয়। ঘটনায় পারপতিরাম এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷
