ভাইরাল খবর
তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল! ফিরহাদ জল্পনার মাঝেই পদত্যাগ মমতা-ঘনিষ্ঠ কৃষ্ণার
ডিজিটাল ডেস্কঃ বিধাননগর পুরনিগমের (Bidhannagar Municipal Corporation) চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty) বৃহস্পতিবার তাঁর পদ থেকে ইস্তফা (Resignation) দিলেন। ব্যক্তিগত কারণ (Personal Reason) দেখিয়ে তিনি পুরনিগমের কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একইসঙ্গে সেই চিঠির কপি পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন (Urban Development) দফতরেও।
দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের (TMC) অন্যতম পরিচিত মুখ হিসেবে পরিচিত কৃষ্ণা চক্রবর্তী। গত ১৬ বছর ধরে বিধাননগর পুরনিগমের সঙ্গে যুক্ত থেকে তিনি বরো চেয়ারম্যান (Borough Chairman), মেয়র (Mayor) এবং চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। তাঁর পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণা চক্রবর্তী জানান, “সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই আমি পদত্যাগ করেছি। নিজের জন্য কিছুটা সময় প্রয়োজন। তবে কাউন্সিলর (Councillor) হিসেবে মানুষের পাশে থাকব।” তিনি আরও বলেন, দল বা কোনও ব্যক্তির বিরুদ্ধে তাঁর কোনও অভিমান নেই এবং বিধাননগরের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ।
রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একাধিক নেতা, কাউন্সিলর ও পদাধিকারীর পদত্যাগ এবং গ্রেফতারির ঘটনার মাঝেই কৃষ্ণার এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই কলকাতা পুরসভা (KMC) এবং অন্যান্য পুরনিগমে একাধিক পদত্যাগ ঘিরে জল্পনা তৈরি হয়েছে।
যদিও কৃষ্ণা চক্রবর্তী তাঁর পদত্যাগের কারণ সম্পূর্ণ ব্যক্তিগত বলেই দাবি করেছেন, তবুও এই সিদ্ধান্তকে ঘিরে বিধাননগরের রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
