ভাইরাল খবর
বাড়ছে রেশন বরাদ্দ, ১০ জনের বেশি সদস্য থাকা পরিবার পাবে বাড়তি খাদ্যশস্য
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের রেশন গ্রাহকদের (Ration Card Holder) জন্য এল সুখবর। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে এবার আরও বাড়তি খাদ্যশস্য পাবেন রেশন কার্ডধারীরা। খাদ্য দফতর (Food Department) জানিয়েছে, যেসব পরিবারের সদস্য সংখ্যা ১০ জনের বেশি, তাদের জন্য নতুন নিয়ম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দফতরের মতে, বিশেষ করে অন্ত্যোদয় অন্ন যোজনার (Antyodaya Anna Yojana) আওতায় থাকা বড় পরিবারগুলির খাদ্য প্রয়োজন এখনও পুরোপুরি মেটানো যাচ্ছে না। তাই এবার থেকে এই ধরনের পরিবারগুলিকে দু’টি ভাগে ভাগ করে খাদ্যশস্য বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে পরিবারগুলি আগের তুলনায় বেশি খাদ্যসামগ্রী পাবে।
আরও পড়ুনঃ আবার ব্রিগেডে গীতাপাঠের ডাক, ৭ ডিসেম্বর পাঁচ লক্ষ কণ্ঠে গুঞ্জরিত হবে শ্লোক
বর্তমানে, অন্ত্যোদয় কার্ডধারীরা মাসে মোট ৩৫ কেজি খাদ্যশস্য পান, যা পরিবারে কতজন সদস্য রয়েছে, তার উপর নির্ভর করে না। অন্যদিকে, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের (NFSA) অধীনে সাধারণ রেশন গ্রাহকেরা মাথাপিছু ৫ কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন। খাদ্য দফতরের নতুন নিয়ম কার্যকর হলে বড় পরিবারগুলির খাদ্য সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করা হচ্ছে।
এছাড়া, রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি (e-KYC) সংযুক্তিকরণেও পশ্চিমবঙ্গ দেশজুড়ে প্রথম স্থান অধিকার করেছে। সরকারি হিসাব অনুযায়ী, ইতিমধ্যেই রাজ্যের ৯৭.৩৭ শতাংশ রেশন গ্রাহক ই-কেওয়াইসি সম্পন্ন করেছেন।
খাদ্য দফতর সূত্রে আরও জানা গিয়েছে, যেসব পরিবারে মাত্র এক সদস্য রয়েছে, এমন অন্ত্যোদয় কার্ডের সংখ্যা প্রায় তিন লক্ষ। এই কার্ডগুলি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, যাঁরা ই-কেওয়াইসি সম্পন্ন করেননি, তাঁদের কার্ড নিষ্ক্রিয় করার ক্ষেত্রেও কড়াকড়ি বাড়ানো হয়েছে।
তবে খাদ্য দফতর স্পষ্ট জানিয়েছে, প্রকৃত গ্রাহকদের কোনও অবস্থাতেই বঞ্চিত করা যাবে না। বিশেষ করে, যাঁরা বয়সজনিত কারণ বা অসুস্থতার কারণে ই-কেওয়াইসি করাতে পারেননি, তাঁদের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা নিতে হবে।
