রাজনীতি
রোজগার মেলায় ৫১ হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ, কলকাতায় যুবসমাজকে কাজের সুযোগের বার্তা ড. সুকান্তর
ডিজিটাল ডেস্কঃ আজ কলকাতার পূর্ব রেলের ড. বি.সি. রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ১৬তম রোজগার মেলা। এই উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষার প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার নবনিযুক্ত ২৬ জন যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন। পরে আরও ১৮৯ জনের হাতে নিয়োগপত্র বিতরণ করা হয়।
নিয়োগপ্রাপ্তরা ভারতীয় রেল, শুল্ক দপ্তর, প্রতিরক্ষা, ডাক বিভাগ, দামের ভ্যালি কর্পোরেশন (DVC), ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (GSI), পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI), গেইল (GAIL), নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB), ইউনিয়ন ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও ইউকো ব্যাংক-সহ বিভিন্ন দপ্তর ও সংস্থায় নিযুক্ত হবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. মজুমদার বলেন, “সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’-এর আদর্শে অটল থেকে মিশন মোডে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে—স্বচ্ছতা ও নির্ধারিত সময়সীমার মধ্যে।” তিনি নবনিযুক্তদের উদ্দেশে বলেন, “আপনারাই বিকসিত ভারতের চালিকা শক্তি। কাজের প্রতি নিষ্ঠা রেখে নাগরিক-কেন্দ্রিক মানসিকতা নিয়ে কাজ করুন।”
অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, সেলদা ডিভিশনের ডিআরএম এবং প্রিন্সিপাল চিফ পার্সোনেল অফিসার-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৬তম রোজগার মেলার উদ্বোধন করেন এবং সারা দেশে মোট ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করেন। একযোগে দেশের ৪৭টি স্থানে এই রোজগার মেলা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, “রোজগার মেলা সরকারে কর্মসংস্থানের অগ্রাধিকার প্রদানের প্রমাণ। এটি যুবসমাজকে অর্থবহ কর্মের সুযোগ এবং জাতি গঠনে সক্রিয় অংশগ্রহণের পথ খুলে দিচ্ছে।”
উল্লেখ্য, এখন পর্যন্ত দেশের বিভিন্ন রোজগার মেলার মাধ্যমে ১০ লক্ষেরও বেশি নিয়োগপত্র বিতরণ করা হয়েছে।
নবনিযুক্তরা ‘কর্মযোগী প্রারম্ভ’ অনলাইন প্রশিক্ষণ মডিউলের মাধ্যমে iGOT Karmayogi পোর্টালে বিভিন্ন ই-লার্নিং কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। বর্তমানে ১৪০০-রও বেশি কোর্স সেখানে উপলব্ধ, যা কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং বিকসিত ভারতের লক্ষ্য পূরণে অবদান রাখবে।
