ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ধরে বিজেপির (BJP) রাজ্য রাজনীতিতে একপ্রকার আলোচনার বাইরে ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দলের একাংশের তির্যক মন্তব্য, সক্রিয়তা কম, তবে সম্প্রতি দিঘার (Digha) জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ঘিরে নতুন করে আলোচনার ঝড় ওঠে। এমনকি গুঞ্জন উঠেছিল—তাহলে কি সে এবার নতুন দল গড়ার পথে?
সোমবার সকালে প্রাতঃভ্রমণে (Morning Walk) বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, নতুন দল গড়ার কোনও প্রশ্নই নেই। তাঁর কথায়, “আমি নতুন করে কোনও দল তৈরি করব না। বিজেপি-ই (BJP) যথেষ্ট। এই দলটাই মানুষের স্বপ্ন পূরণ করবে। আমরা ওই ধরনের রাজনীতি করি না যে, সুবিধা মতো দল বদল করব বা নতুন দল করব। বাংলার উন্নয়নের জন্য নতুন কোনও দলের দরকার নেই।”
আরও পড়ুনঃ বাড়ছে রেশন বরাদ্দ, ১০ জনের বেশি সদস্য থাকা পরিবার পাবে বাড়তি খাদ্যশস্য
কালীগঞ্জের (Kaliganj) উপনির্বাচনের বোমাবাজিতে নাবালিকা মৃত্যুর ঘটনায় দিলীপ ঘোষ কড়া ভাষায় শাসক দলের সমালোচনা করেন। তিনি বলেন, “বাংলায় উপনির্বাচন মানেই হিংসা। এখানে পঞ্চায়েত থেকে লোকসভা—সব নির্বাচনেই রক্ত ঝরে। যে ভাবে কালীগঞ্জে এক ছোট মেয়েকে প্রাণ দিতে হল, সেটা তৃণমূলের (TMC) রাজনীতির নগ্ন উদাহরণ। মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখপ্রকাশ করেছেন, কিন্তু সেটাও তাঁর নিজের সুবিধেমতো। সব জায়গায় তাঁর দুঃখ নেই।”
তবে দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণালের দাবি, “দিলীপ ঘোষ এখন নিজের দলের মধ্যেই কোণঠাসা। তাই আবার দলের লাইনে ফেরার চেষ্টা করছেন। তাঁর বক্তব্যে কোনও গুরুত্ব নেই।”
রাজনৈতিক মহল মনে করছে, দিলীপ ঘোষের এই মন্তব্য আসলে তাঁর নিজের অবস্থান স্পষ্ট করার প্রচেষ্টা, যাতে দলের সঙ্গে দূরত্বের গুঞ্জন থামে। তবে ভবিষ্যতে বিজেপির রাজ্য রাজনীতিতে তাঁর ভূমিকা কী হবে, সেদিকে নজর রাখছে সকলে।