ধর্ম
আবার ব্রিগেডে গীতাপাঠের ডাক, ৭ ডিসেম্বর পাঁচ লক্ষ কণ্ঠে গুঞ্জরিত হবে শ্লোক
ডিজিটাল ডেস্কঃ আবার ব্রিগেড (Brigade Parade Ground) সাজবে গীতাপাঠের আসরে। তবে এবারও থাকছে ভিন্ন মাত্রা। একদা বামেদের অন্যতম শক্ত ঘাঁটি আজ ক্রমশ হয়ে উঠছে সনাতনী সভার কেন্দ্রবিন্দু। ২০২৩ সালের ডিসেম্বর মাসে লক্ষাধিক মানুষের গীতাপাঠ হয়েছিল ব্রিগেডের ময়দানে (Brigade Ground)। ২০২৪ সালে এই কর্মসূচি না হলেও, ফের ডাক এলো আসন্ন ডিসেম্বরের জন্য। ভারত সেবাশ্রম সঙ্ঘের (Bharat Sevashram Sangha) সন্ন্যাসী পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজ (Kartik Maharaj) আহ্বান জানালেন—এবার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে।
সোমবার নৈহাটি (Naihati) থেকে ‘তুলসি যাত্রা’ (Tulsi Yatra) নামে এক বিশেষ শোভাযাত্রার আয়োজন করেন কার্তিক মহারাজ। এই যাত্রার পুরো সময় ধরে তাঁর পাশে দেখা গেল বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh)-কে। যাত্রা শেষে মহারাজ ঘোষণা করেন, আগামী ৭ ডিসেম্বর ব্রিগেডে বিশাল গীতাপাঠের সমাবেশ হবে। তাঁর কথায়, “পাঁচ লক্ষ মানুষের একত্র গীতাপাঠ হবে, যোগ দেবেন বাগেশ্বর ধামের বাবাজি (Bageshwar Dham Baba) সহ বহু সনাতনী সাধক। সেদিন থেকেই পশ্চিমবঙ্গের বিজয়যাত্রা শুরু হবে। উঠবে গেরুয়া পতাকা।”
আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়
কার্তিক মহারাজ আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (Assembly Election 2026) ‘কুরুক্ষেত্রের যুদ্ধ’ বলে বর্ণনা করেন। তাঁর মন্তব্য, “মহাভারতের যুদ্ধ যেমন শঙ্খ বাজিয়ে শুরু হয়েছিল, এই লড়াইও তেমনভাবেই শুরু হবে।” একই সঙ্গে তিনি মহেশতলা (Maheshtala), মালদা (Malda) ও মুর্শিদাবাদে (Murshidabad) সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ তুলে হিন্দু সমাজকে এক হওয়ার বার্তা দেন।
এদিনের যাত্রায় অর্জুন সিংয়ের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। সম্প্রতি কালীগঞ্জ (Kaliganj) উপনির্বাচনে বিজেপির বড় পরাজয় প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মুসলিম ভোট না পেলে আমাদের জেতা মুশকিল। ওরা আমাদের ভোট দেয় না।”
এই কর্মসূচি এবং মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা। নির্বাচনের আগে রাজ্যে ফের হিন্দুত্বের সুর চড়া হচ্ছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল।
