দেশের খবর
মাউন্ট আবুর নাম বদলের পথে রাজস্থান, নিষিদ্ধ হতে পারে মদ ও আমিষ খাদ্য
ডিজিটাল ডেস্কঃ গেরুয়া শাসনের আমলে দেশের বিভিন্ন ঐতিহাসিক ও জনপ্রিয় স্থানগুলোর নাম পরিবর্তনের প্রক্রিয়া নতুন কিছু নয়। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে রাজস্থানের বিখ্যাত পাহাড়ি শহর মাউন্ট আবু (Mount Abu)। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে নাম পরিবর্তনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। প্রস্তাবিত নতুন নাম হতে চলেছে— আবু রাজ তীর্থ (Abu Raj Tirth)।
তবে শুধু নাম বদলেই থেমে নেই বিতর্ক। সরকার নাকি মাউন্ট আবুর আশপাশের এলাকায় মদ ও আমিষ খাদ্য নিষিদ্ধ করারও পরিকল্পনা করছে। এই খবর প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে। ‘টাইম্স অব ইন্ডিয়া’-র এক প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই ২৩টি স্থানীয় সংগঠন সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় পথে নেমেছে।
উল্লেখ্য, মাউন্ট আবু (Mount Abu) রাজস্থানের একমাত্র পাহাড়ি পর্যটন কেন্দ্র, যা সারা বছর দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। এখানকার অর্থনীতি পর্যটনের ওপর নির্ভরশীল। নাম পরিবর্তন এবং খাদ্যসংস্কৃতিতে হস্তক্ষেপের ফলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
সূত্র অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর মাসে স্থানীয় প্রশাসনের এক বৈঠকে নাম বদলের প্রাথমিক আলোচনা হয়। তবে সাম্প্রতিক বিতর্কের মূল উৎস, ২৫ এপ্রিল পাঠানো একটি চিঠি, যেখানে স্থানীয় স্বশাসিত সংস্থা পুরসভাকে মাউন্ট আবুর নাম পরিবর্তনের প্রস্তাব দেয়। জানা গেছে, এলাকার বিধায়ক ইতিমধ্যেই এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন।
বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মতো রাজস্থানেও ঐতিহাসিক স্থানগুলোর নাম পরিবর্তনের ধারা অব্যাহত থাকছে। এর আগে উত্তরপ্রদেশে মুঘলসরাই স্টেশনের নাম বদলে ‘দিনদয়াল উপাধ্যায় (Deen Dayal Upadhyay) স্টেশন’ করা হয়েছিল। দিল্লি ও মহারাষ্ট্রেও একাধিক স্থানের নাম পরিবর্তন হয়েছে।
তবে মাউন্ট আবুর (Mount Abu) মতো আন্তর্জাতিক পর্যটনস্থলের নাম বদল এবং মদ-আমিষ নিষেধাজ্ঞা নিয়ে যে প্রবল সামাজিক ও অর্থনৈতিক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তা সরকারের জন্য সহজ সমীকরণ নয়। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্ত চূড়ান্ত রূপ পায় কিনা, নাকি জনমতের চাপে তা পুনর্বিবেচনা করা হয়।
