দেশের খবর
৪০০টিরও বেশি স্পেস স্টার্টআপের সাফল্য! একগুচ্ছ অভিনবত্ব নিয়ে মহাকাশে বিক্রম-১
ডিজিটাল ডেস্কঃ ভারতের মহাকাশ গবেষণার (Space Research) ইতিহাসে যুক্ত হল এক নতুন অধ্যায়। শনিবার শ্রীহরিকোটার (Sriharikota) উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম বেসরকারিভাবে তৈরি অরবিটাল (Orbital) রকেট বিক্রম-১ (Vikram-1)। হায়দরাবাদ-ভিত্তিক স্কাইরুট অ্যারোস্পেস (Skyroot Aerospace)-এর তৈরি এই রকেটটি ‘মিশন আগমন’ (Mission Aagaman)-এর অধীনে উৎক্ষেপণ করা হয়।
২০২৩ সালের ইন্ডিয়ান স্পেস পলিসি (Indian Space Policy) কার্যকর হওয়ার পর মহাকাশ শিল্পে বেসরকারি সংস্থার অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারের মতে, বিক্রম-১-এর সফল উৎক্ষেপণ সেই নীতিগত পরিবর্তনেরই বাস্তব প্রতিফলন।
বিক্রম-১ একটি লো আর্থ অরবিট (LEO)-গামী রকেট, যা প্রায় ৩৫০ কেজি পর্যন্ত পেলোড (Payload) বহনে সক্ষম। রকেটটি সম্পূর্ণ কার্বন কম্পোজিট (Carbon Composite) কাঠামোয় তৈরি এবং এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ৩ডি-প্রিন্টেড (3D Printed) লিকুইড (Liquid) ইঞ্জিন ও শক্তিশালী সলিড-ফুয়েল (Solid Fuel) বুস্টার।
এই অভিযানে স্কাইরুটের নিজস্ব উপগ্রহের পাশাপাশি জার্মানির DCUBED, ভারতের SOLARAS S3, EMBRACE রোবোটিক আর্ম এবং Cosmic Bloom-সহ একাধিক বিশেষ পেলোড মহাকাশে পাঠানো হয়েছে। এছাড়াও ড. বিক্রম সারাভাই, সি. ভি. রমন এবং ড. এ. পি. জে. আব্দুল কালামের ক্ষুদ্র ভাস্কর্য সংবলিত একটি সোনার রকেটও প্রতীকীভাবে পাঠানো হয়েছে।
সরকারের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে দেশে যেখানে মাত্র একটি স্পেস স্টার্টআপ ছিল, বর্তমানে সেই সংখ্যা ৪০০-এরও বেশি। আগামী দিনে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (Public-Private Partnership), প্রযুক্তিগত উদ্ভাবন (Innovation) এবং বিনিয়োগের মাধ্যমে ভারতকে বিশ্বের অন্যতম মহাকাশ শক্তি হিসেবে গড়ে তোলাই লক্ষ্য। সেই পথচলায় বিক্রম-১-এর সফল উৎক্ষেপণ এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
