উত্তরবঙ্গ থেকে দিঘায় চলবে ভলভো বাস, শিল্প সম্মেলনে একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Connect with us

রাজনীতি

উত্তরবঙ্গ থেকে দিঘায় চলবে ভলভো বাস, শিল্প সম্মেলনে একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে আরও দৃঢ় যোগসূত্র গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple in Digha) উদ্বোধনের পর এবার সেই তীর্থস্থানে উত্তরবঙ্গবাসীর সহজ যাত্রার বন্দোবস্ত করল প্রশাসন। আগামীকাল মঙ্গলবার (২০ মে) থেকে উত্তরবঙ্গের ছয়টি জেলা—শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ—থেকে দিঘার উদ্দেশে ছয়টি ভলভো বাস ছাড়বে। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে (Dinabandhu Manch, Siliguri) অনুষ্ঠিত বিজনেস সামিটে (Business Summit) এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রীর কথায়, “উত্তরবঙ্গের কথা আমরা সবসময় ভাবি। যাতে এখানকার মানুষও সহজে দিঘা যেতে পারেন, তাই এই পরিষেবা চালু করা হচ্ছে।”

শিল্পায়নের গতি উত্তরবঙ্গেও বাড়াতে রাজ্য সরকার এদিন আয়োজন করে এক গুরুত্বপূর্ণ বিজনেস সামিটের, যেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আট জেলার একাধিক শিল্পপতি ও উদ্যোগপতি। মুখ্যমন্ত্রী জানান, ইথানল উৎপাদন, মাখনা ও ভুট্টা প্রক্রিয়াকরণ, চা শিল্প সম্প্রসারণ, পর্যটন এবং শিল্পতালুক গঠনের মতো বহু ক্ষেত্রে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।

তিনি বলেন, “সরকারের নিজস্ব জমি ব্যাঙ্ক রয়েছে। দক্ষ শ্রমিকেরও অভাব নেই। ক্ষুদ্র ও ভারী—উভয় শিল্পেই আমরা সমান গুরুত্ব দিচ্ছি, যাতে বৃহৎ কর্মসংস্থানের সৃষ্টি হয়।”

Advertisement
ads

এদিন মুখ্যমন্ত্রী আরও একটি বড় ঘোষণা করেন—জুলাই মাসেই জলপাইগুড়িতে (Jalpaiguri) কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চ (Circuit Bench of Calcutta High Court) উদ্বোধন হতে পারে। তাঁর কথায়, “উত্তরবঙ্গের মানুষকে যেন প্রতিটি মামলার জন্য কলকাতায় যেতে না হয়, সে কারণেই এই উদ্যোগ। রাজ্যের খরচ হয়েছে প্রায় ৫০১ কোটি টাকা। ১২ জুলাই তারিখটি প্রস্তাবিত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাই কোর্টই।”

দার্জিলিং জেলা ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল (Sanjay Tibrewal) বলেন, “২০১১ সালের আগে উত্তরবঙ্গের ব্যবসায়ী, সাধারণ মানুষ কেউই মুখ্যমন্ত্রী তো দূর, জেলাশাসককে (DM) দেখার সুযোগও পেত না। এখন দৃশ্যপট বদলেছে। অনলাইনের দৌলতে ট্রেড লাইসেন্স পেতে আর হয়রানির মুখে পড়তে হচ্ছে না। আগে যেখানে বন্‌ধ ছিল নিত্যদিনের ছবি, এখন তা অতীত।”

মুখ্যমন্ত্রী এদিন দুপুরে কলকাতা থেকে বিমানে বাগডোগরা (Bagdogra) পৌঁছান এবং সেখান থেকে সরাসরি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সম্মেলনে যোগ দেন। আগামীকাল (মঙ্গলবার) ফুলবাড়ির ভিডিওকন মাঠে (Videocon Ground, Fulbari) এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় দিনে, বুধবার, মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় (Uttarkanya) এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসবেন বলে জানা গেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement