হামলা
অপারেশন সিঁদুরের পর সীমান্তে উত্তেজনা, রাজ্যে সব সরকারি ছুটি বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পাহেলগামে (Pahalgam, Kashmir) ভয়াবহ জঙ্গি হামলার পাল্টা জবাব দিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান (Pakistan) ও পাক অধিকৃত কাশ্মীরের (POK) একাধিক জঙ্গিঘাঁটিতে সুনির্দিষ্ট সামরিক অভিযান চালায় ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ নামে এই পদক্ষেপে জইশ ও লস্করের একাধিক ঘাঁটি ধ্বংস হয়ে যায়। এর জেরে দুই দেশের সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়েছে। পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান, আর সীমান্তে গুলির লড়াইও শুরু হয়েছে বলে খবর।
এই পরিস্থিতিতে রাজ্যে সতর্কতা জারি করল রাজ্য সরকার। নবান্ন (Nabanna) থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, রাজ্যের সমস্ত সরকারি দফতরের ছুটি আপাতত বাতিল করা হল। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “এই রাজ্যেরও একাধিক সীমান্ত রয়েছে। যদি কোথাও সংকেত বাজে, মক ড্রিল করতে হয়, তাহলে যেন আমরা সম্পূর্ণ প্রস্তুত থাকি—সেই কারণেই ছুটি বাতিলের সিদ্ধান্ত।”
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ও অংশ নেন। বৈঠকের পরেই নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী, যেখানে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, “আপাতত সমস্ত ছুটি বাতিল। তবে একান্ত জরুরি প্রয়োজনে অনুমতি সাপেক্ষে ছুটি মিলতে পারে।”
আরও পড়ুনঃ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কেন্দ্রের পাশে বিরোধীরা, মমতার অবস্থানকে নাটক বলল বিজেপি
এদিনই রাজ্যের একাধিক জেলায় ‘মক ড্রিল’ বা মহড়া হয় যুদ্ধ পরিস্থিতি সামলানোর জন্য। প্রশাসনিক সূত্রে খবর, সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই ধরনের কৌশলগত মহড়া চলবে।
প্রসঙ্গত, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা একসঙ্গে। এই সময় বিভাজনের রাজনীতি নয়, দেশরক্ষাই প্রধান কাজ। কেউ যদি ভুয়ো খবর বা গুজব ছড়ানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তাঁর আরও আশ্বাস, আতঙ্কের কিছু নেই। “রাজ্য সরকার সর্বদা পরিস্থিতির উপর নজর রাখছে। কোনও সঙ্কেত পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ মানুষকে আগেভাগেই সতর্ক করা হবে।”
এছাড়াও রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করার জন্য।
