দেশের খবর
‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশিকা, বাধ্যতামূলক দাঁড়িয়ে সম্মান
ডিজিটাল ডেস্কঃ জাতীয় গান ‘বন্দে মাতরম’ (Vande Mataram) পরিবেশন নিয়ে নতুন নির্দেশিকা (New Guideline) জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Union Home Ministry)। নির্দেশ অনুযায়ী, সব সরকারি অনুষ্ঠান (Government অনুষ্ঠান) ও দেশের সব স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ (National Anthem) পরিবেশনের পর ‘বন্দে মাতরম’ বাজানো বাধ্যতামূলক। গান চলাকালীন উপস্থিত সকলকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে তাঁর আগমন ও প্রস্থানের সময় ‘বন্দে মাতরম’ বাজানো হবে। পদ্ম পুরস্কার (Padma Awards) প্রদান অনুষ্ঠানেও এই গান পরিবেশন করতে হবে। তবে সিনেমা হলে এটি বাধ্যতামূলক নয়।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত, এবার ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবকই গাওয়া হবে। ১৯৩৭ সালে কংগ্রেস আমলে বাদ দেওয়া চারটি স্তবকও পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, নাগরিকদের মধ্যে দেশপ্রেম (Patriotism), শৃঙ্খলা (Discipline) ও জাতীয় প্রতীকের প্রতি সম্মান বাড়াতেই এই পদক্ষেপ।
নির্দেশে আরও জানানো হয়েছে, অফিসিয়াল ৩ মিনিট ১০ সেকেন্ডের সংস্করণ গণসঙ্গীতের আকারে পরিবেশন করতে হবে। স্কুলগুলিকে জাতীয় গান (National Song) ও জাতীয় সঙ্গীত জনপ্রিয় করতে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে নিউজরিল বা তথ্যচিত্রের অংশ হিসেবে গানটি বাজানো হলে দাঁড়ানো বাধ্যতামূলক নয়।
এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। অতীতে ‘বন্দে মাতরম’ ইস্যুতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র বাগযুদ্ধ হয়েছিল। পর্যবেক্ষকদের মতে, নতুন নির্দেশ সেই পুরনো বিতর্কই ফের উসকে দিতে পারে।


