দেশের খবর
নেপালও ভারতের জমি দখল করেছে! সংসদে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের
ডিজিটাল ডেস্কঃ ‘ভারত শুধু নেপালের জমি দখল করেনি, নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখল করেছে’—সংসদে (Parliament) দাঁড়িয়ে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের (Nepal PM Balendra Shah) এই বিস্ফোরক মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। দায়িত্ব নেওয়ার দুই মাস পর দেশের সংসদে প্রথম বক্তব্য রাখতে গিয়ে এই সীমান্ত বিরোধের কথা উল্লেখ করেন তিনি। তাঁর এই মন্তব্যের পর নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে। প্রাক্তন বিদেশমন্ত্রী প্রদীপ গ্যাওয়ালি সহ বিরোধী দলগুলি প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
পরিস্থিতি সামাল দিতে নেপালের বিদেশ মন্ত্রক (Ministry of Foreign Affairs) একটি সরকারি বিবৃতিতে ব্যাখ্যা দিয়েছে যে, প্রধানমন্ত্রী ‘দখল’ শব্দটি কোনো প্রাতিষ্ঠানিক বা ভৌগোলিক আগ্রাসনের অর্থে ব্যবহার করেননি। মূলত সীমান্তবর্তী ‘নো-ম্যানস ল্যান্ড’ (No-man’s land) এলাকায় সীমান্ত স্তম্ভ (Border Pillars) না থাকার কারণে দুই দেশের নাগরিকদের জমি ব্যবহারের বাস্তব পরিস্থিতি বোঝাতে তিনি এই মন্তব্য করেছিলেন।
কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরার অঞ্চলের জমি নিয়ে ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। ২০২০ সালে নেপাল মানচিত্র বদল করে এই এলাকা নিজেদের দাবি করলে ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) তা ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছিল। প্রধানমন্ত্রী বলেন্দ্র জানান, এই ঐতিহাসিক বিরোধের (Historical dispute) সূত্রপাত ব্রিটিশ আমল থেকে, তাই এই বিষয়ে ব্রিটেন ও চিনের সঙ্গেও আলোচনা হয়েছে। সমস্যা মেটাতে ইতিহাসবিদ ও জরিপ বিশেষজ্ঞদের (Survey experts) নিয়ে একটি যৌথ দল গঠনের পাশাপাশি কূটনৈতিক আলোচনার (Diplomatic talks) মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন তিনি।


