রাজ্যের খবর
ওবিসি মামলা জট কাটিয়ে প্রকাশের পথে জয়েন্ট রেজাল্ট, স্বস্তি পরীক্ষার্থীদের
ডিজিটাল ডেস্কঃ ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়কে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার আবহে অবশেষে স্বস্তির বার্তা রাজ্যের জয়েন্ট (WBJEE) পরীক্ষার্থীদের জন্য। রাজ্যের উচ্চ আদালতের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর, WBJEE বোর্ড সূত্রে জানা গিয়েছে – আগামী ৭ অগস্ট প্রকাশিত হতে চলেছে এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল।
চলতি বছর ২৭ এপ্রিল রাজ্যজুড়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছিল WBJEE পরীক্ষা। কিন্তু তারপর থেকেই ওবিসি ক্যাটাগরি সংক্রান্ত মামলার জেরে আদালতের রায়ের প্রতীক্ষায় আটকে ছিল রেজাল্ট। বিষয়টি সরাসরি সংযুক্ত থাকায় WBJEE বোর্ড জুন মাসেই ফল প্রকাশ করতে না পারায় পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয় হতাশা এবং অনিশ্চয়তা। বহু ছাত্রছাত্রী যাঁরা যাদবপুর বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন দেখেছিল, তারা অনেকেই বাধ্য হয়ে প্রাইভেট কলেজ বা বাইরের রাজ্যে ভর্তির সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুনঃ বাংলাদেশি যুবক ভাড়া নিল ‘বাবা’! ভোটার-আধার বানিয়ে চাঞ্চল্য বাগদায়, তদন্ত দাবি বিজেপির
বোর্ডের চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Banerjee) জানান, “সুপ্রিম কোর্ট গত ২৮ জুলাই স্পষ্ট নির্দেশ দিয়েছে, যার ভিত্তিতে রাজ্যের উচ্চশিক্ষা দফতর আমাদের প্রয়োজনীয় নির্দেশ পাঠায়। আমরা দ্রুত বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার্থীদের ‘Social Category’ আপডেট করার জন্য লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। আজ, কাল এবং পরশু— এই তিন দিন পরীক্ষার্থীরা সেই লিঙ্কে গিয়ে তথ্য আপডেট করতে পারবে।”
বোর্ডের তরফে জানানো হয়েছে, সমস্ত পরীক্ষার্থীকে SMS-এর মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে এবং সময়মতো তথ্য আপডেট সম্পূর্ণ হলেই ৭ অগস্ট WBJEE 2025-এর ফল প্রকাশ করা হবে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলায় পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
