ভাইরাল খবর
বদলে গেল ‘মা ক্যান্টিন’-এর নাম! নতুন নামকরণ করল রাজ্যের বিজেপি সরকার
ডিজিটাল ডেস্কঃ রাজ্য সরকারের জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প ‘মা ক্যান্টিন’ (Maa Canteen) এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করল। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রকল্পটির নতুন নাম হবে ‘মা আহার’ (Maa Aahar)। শুধু নাম পরিবর্তনই নয়, সাধারণ মানুষের জন্য খাবারের মেনুতেও আনা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, মাত্র ৫ টাকার বিনিময়ে এখন থেকে ডিম-ভাতের পাশাপাশি নির্দিষ্ট দিনে পরিবেশন করা হবে মাছ-ভাত (Fish & Rice Meal)। সপ্তাহে দু’দিন মাছ-ভাত, দু’দিন ডিম-ভাত এবং বাকি তিনদিন নিরামিষ খাবার দেওয়া হবে বলে জানা গিয়েছে।
নতুন সরকারের দাবি, কোনও জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না, বরং আরও বিস্তৃত করা হবে। সেই লক্ষ্যেই বর্তমানে থাকা ৩৯০টি কেন্দ্র বাড়িয়ে ৫০০টি ‘মা আহার’ কেন্দ্র চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আরও বেশি সংখ্যক শ্রমজীবী, নিম্নআয়ের ও প্রান্তিক মানুষ এই পরিষেবার আওতায় আসবেন।
মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী, প্রকল্পের মূল উদ্দেশ্য অপরিবর্তিত থাকছে— কম খরচে পুষ্টিকর খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে সরকারি হাসপাতাল, বাজার এলাকা ও কর্মব্যস্ত অঞ্চলে এই পরিষেবা আরও সম্প্রসারিত করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছিল ‘মা ক্যান্টিন’। সেখানে ৫ টাকায় ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হতো। নতুন নাম ‘মা আহার’-এর মাধ্যমে প্রকল্পটিকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।
প্রশাসনের আশা, কম খরচে পুষ্টিকর খাবারের এই উদ্যোগ সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
