আজই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার ৩০০০! প্রথম পর্যায়ে পাচ্ছেন কতজন মহিলা?
Connect with us

ভাইরাল খবর

আজই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার ৩০০০! প্রথম পর্যায়ে পাচ্ছেন কতজন মহিলা?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের ‘সংকল্পপত্রে’ দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে বাংলায় আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল রাজ্য সরকারের মেগা প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ বা ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে নবান্ন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই জনকল্যাণমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের প্রথম দিনেই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি (DBT) ব্যবস্থার মাধ্যমে রাজ্যের মোট ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন যোগ্য মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই প্রকল্প শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদের জন্যই সংরক্ষিত। পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে প্রায় ৩০ লক্ষ ভুতুড়ে অ্যাকাউন্ট এবং আর্থিক তছরুপের অভিযোগ তুলে তিনি বলেন, “ভোটার তালিকা থেকে যাদের নাম স্থায়ীভাবে বাদ গিয়েছে বা যারা অভারতীয়, তারা এই সুবিধা পাবেন না। এমনকি আগের জমানায় জালিয়াতি করে পুরুষরাও যেভাবে টাকা নিচ্ছিলেন, তা বন্ধ করা হয়েছে।” তবে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় উৎপীড়নের শিকার যে হিন্দু শরণার্থীরা সিএএ (CAA) সার্টিফিকেট পেয়েছেন, তাঁরা এই ৩,০০০ টাকার সুবিধা পাবেন। প্রতি সাত দিন অন্তর এই তালিকা সংশোধন ও ভেরিফিকেশন (Verification) করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হলে পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পুরোপুরি বাতিল হয়ে যাবে।

নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এদিন ‘অন্নপূর্ণা যোজনা’-র অনলাইন পোর্টাল (Online Portal) উদ্বোধন করে জানান, আবেদন করার মাত্র ৫ থেকে ৭ দিনের মধ্যেই টাকা অ্যাকাউন্টে ক্রেডিট (Credit) হয়ে যাবে। জালিয়াতি রুখতে এবার ১২ পাতার একটি ফিজিক্যাল ফর্ম (Physical Form) পূরণ বাধ্যতামূলক করা হয়েছে, যা ব্লক, এসডিও (SDO) ও বিধায়কদের অফিসে পাওয়া যাবে। যারা অনলাইনে পারবেন না, সরকারের প্রতিনিধি তাঁদের বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবেন। এছাড়া আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন বিশেষ জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। ২৫ থেকে ৬০ বছর বয়সী যেকোনো অ-চাকরিজীবী ও অ-করদাতা মহিলারা আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাঙ্ক পাসবই নিয়ে আগামী ৯০ দিনের মধ্যে আবেদন করতে পারবেন। উপভোক্তারা সামাজিক সুরক্ষা পোর্টালে (Social Security Portal) গিয়ে নিজেদের ‘অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস’ (Applicant Status) ট্র্যাক করতে পারবেন। তবে নতুন আবেদন অনুমোদিত না হওয়া পর্যন্ত মহিলারা আগের কাঠামোর অধীনেই টাকা পেতে থাকবেন, যাতে কারও আর্থিক সুরক্ষা বিঘ্নিত না হয়।