হামলা
নিজের দেশের ভেতর বাড়ি গুঁড়িয়ে ‘কঠোর ব্যবস্থা’? প্রশ্ন তুললেন কুণাল ঘোষ
ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁও হামলার রেশ কাটতে না কাটতেই কাশ্মীর উপত্যকা জুড়ে চলছে সেনার কড়া অভিযান। একের পর এক জঙ্গি আস্তানা চিহ্নিত করে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। গত পাঁচ দিনে ন্যূনতম ৯টি জঙ্গি সংযোগযুক্ত বাড়ি ধ্বংস করেছে সেনাবাহিনী। এই পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। প্রশ্ন তুললেন, এতদিন ধরে এইসব বাড়ি থেকে জঙ্গিদের কার্যকলাপ চলছিল, তখন প্রশাসন কোথায় ছিল?
রবিবার নিজের এক্স হ্যান্ডেল (পূর্বতন টুইটার) অ্যাকাউন্টে কুণাল লিখেছেন, “সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অবশ্যই কাম্য। তবে আজ টিভিতে কিছু বাড়ি ভেঙে দেখিয়ে বলা হচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাড়িগুলো তো ভারতের মধ্যেই ছিল, এতদিন সেগুলো টিকে ছিল কীভাবে? তাহলে এতদিন স্বরাষ্ট্রমন্ত্রক কী করছিল? নিজেদের দেশের ভেতর বাড়ি গুঁড়িয়ে দিয়ে বড় দাবি করার কী আছে?”
https://x.com/KunalGhoshAgain/status/1916465450021507555
আরও পড়ুনঃ পহেলগাঁও হামলার পর আতঙ্কে পাকিস্তান, নিখোঁজ সেনাপ্রধান আসিম মুনির?
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর নৃশংস হামলা চালায় জঙ্গিরা। প্রায় ৪০ রাউন্ড গুলির ঘটনায় মৃত্যু হয় ২৬ জনের। হামলার নিশানা হিন্দু পর্যটকরা ছিলেন বলে জানা যায়। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ হামলার দায় স্বীকার করেছে।
এই ঘটনার পর থেকেই ভারত সরকারের তরফে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে — যার মধ্যে উল্লেখযোগ্য সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ, পুলওয়ামা, সোপিয়ান, কুলগাম-সহ একাধিক জায়গায় টানা অভিযান চালাচ্ছে সেনা।
কুণালের মন্তব্য স্পষ্ট করে দিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান নিয়ে কেন্দ্রের দাবিকে নিঃশর্তভাবে মানতে রাজি নয় বিরোধী পক্ষ। বরং, গোড়াতেই প্রশাসনিক ব্যর্থতার দিকটি সামনে টেনে আনতেই চাইছে তারা।
