খেলার খবর
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির কাপযুদ্ধে ভারত-নিউ জিল্যান্ড
নিউজ ডেস্ক: রবিবারের হাইভোল্টেজ ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াই দুবাই ময়দানে। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ ভারত-নিউ জিল্যান্ডের মধ্যে। ময়দানে কোন দলই কাউকে ছাড়তে নারাজ। আজ যে কিছু একটা ঘটতে চলেছে সেই আন্দাজ বোঝা যাচ্ছে আগে থেকেই। এদিকে ভারত তাদের প্রস্তুতি শেষ করে আজ ফাইনাল খেলতে নামবেন অন্যদিকে নিউ জিল্যান্ড তাদের প্রস্তুতিও শেষ করে ফেলেছেন।
রবিবারের ফাইনালের ২২ গজ নিয়ে শনিবার দীর্ঘ আলোচনা করেন গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা। পিচ কেমন আচরণ করতে পারে, তা বোঝার চেষ্টা করেন একদম কাছ থেকে দেখে। শনিবার স্টেডিয়ামে পৌঁছে প্র্যাক্টিস শুরুর আগেই গম্ভীর এবং রোহিত সোজা চলে যান পিচ দেখতে। পিচ দেখার পর বেশ খানিক্ষন ধরে আলোচনা করেন দুজন।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ধাক্কা টিম ইন্ডিয়ার! প্র্যাক্টিসে চোট পেলেন কোহলি
১০ মিনিটেরও বেশি আলোচনার পর রোহিত শর্মা সেখানে ডেকে নেন দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকেও। রোহিতের ডাকে সাড়া দিয়ে পিচের দিকে এগিয়ে যান কোহলি। যোগ দেন আলোচনায়। জানা যাচ্ছে, পিচের পাশে দাঁড়িয়ে প্রায় ২০ মিনিট ধরে কথা বলেন ভারতীয় শিবিরের তিনমূর্তি রোহিত-গম্ভীর-বিরাট।
ভারতীয় শিবির সূত্রে খবর, পিচ দেখে কিছুটা উদ্বিগ্ন ভারতীয় দল। রবিবারের ফাইনালের ২২ গজ বেশ মন্থর হবে বলে মনে করছেন তারা। তবে সাহায্য পাবেন স্পিনারেরা । কিন্তু, ব্যাটারদের সমস্যায় পড়তে হতে পারে। বল থমকে ব্যাটে আসতে পারে। এমনকি সন্ধ্যে বেলায় শিশির পড়তেও পারে। টস জিতলে কী করা উচিত, প্রথম একাদশ কেমন হওয়া উচিত পিচ দেখার পর এসব নিয়েই আলোচনা করেছেন গম্ভীর, রোহিত এবং কোহলি।
আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে ভারত। কিন্তু নিউজিল্যান্ড যথেষ্টই শক্তিশালী। পিচ-পরিবেশ নিয়ে ভারত ভাবলেও খুব একটা কান্নাকাটি করতে দেখা যায়নি নিউ জিল্যান্ডকে। বরং নিজেদের যা সামর্থ্য, তার শ্রেষ্ঠ ব্যবহার করতে জানে নিউ জিল্যান্ড।
আরও পড়ুন- ভারতের চেনা পিচে রবিবার হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল
