দেশের খবর
ঘুরতে গিয়ে বিপাকে! পাক চর জ্যোতির সঙ্গী বাংলার ভ্লগার, নজরে তদন্তকারী সংস্থা
ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানি চর সন্দেহে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) জীবনের পরতে পরতে লুকিয়ে রয়েছে একাধিক রহস্য। এবার তাঁর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ উঠে এল বাংলার এক জনপ্রিয় ভ্লগারের বিরুদ্ধেও। আসানসোলের বাসিন্দা সৌমিত ভট্টাচার্য (Soumit Bhattacharya) – যিনি নিজেও একজন ট্র্যাভেল কনটেন্ট ক্রিয়েটর, এবার তদন্তকারীদের রাডারে।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, জ্যোতির সঙ্গে একাধিক ভ্রমণে অংশ নিয়েছেন সৌমিত। শুধু তাই নয়, কলকাতায় জ্যোতির সফরের সময় তাঁকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখান এই যুবক। ২০২৪ সালের ২০ মে, হাওড়ায় লোকসভা ভোটের দিনে কলকাতায় ছিলেন জ্যোতি। সেসময় তাঁর সঙ্গী ছিলেন সৌমিত, এমনকি তাঁরা একসঙ্গে খাওয়া-দাওয়াও করেন বলে দাবি সোশাল মিডিয়া থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে।
শুধু কলকাতাই নয়, কাশ্মীরের দুধপাথরি এলাকায় একাধিকবার দেখা গিয়েছে সৌমিতকে জ্যোতির সঙ্গে। তাঁদের সঙ্গে ছিলেন আরও এক ইউটিউবার, ওড়িশার প্রিয়াঙ্কা সেনাপতি (Priyanka Senapati)। সৌমিতের ইউটিউব চ্যানেল ঘেঁটে পাওয়া গিয়েছে সেই সফরের একাধিক ভিডিও ক্লিপিংস। যার ভিত্তিতে এখন প্রিয়াঙ্কার গতিবিধিও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।
সৌমিতের পারিবারিক প্রেক্ষাপট যথেষ্ট শিক্ষিত। তাঁর বাবা পার্থপ্রতিম ভট্টাচার্য (Parthapratim Bhattacharya) একজন কলেজ অধ্যক্ষ, মা দিল্লির ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। তবে ভ্রমণই তাঁর প্যাশন ও পেশা, এবং সেই সূত্রেই তাঁর পরিচয় হয়েছিল জ্যোতি ও প্রিয়াঙ্কার সঙ্গে – এমনটাই মনে করা হচ্ছে।
তবে তদন্তকারীদের মত, জ্যোতির মতো বিতর্কিত ব্যক্তির সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক ও একাধিক সফরের তথ্য সামনে আসায় সৌমিতও এখন পুরোপুরি সন্দেহের ঊর্ধ্বে নন। তার সোশাল মিডিয়ার বিভিন্ন গতিবিধিও বর্তমানে নজরে রাখা হচ্ছে।
এই গোটা ঘটনায় বাংলার যোগ নিয়ে আরও চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করছে, সৌমিতের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
