দুর্ঘটনা
মালদহে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল তিন বন্ধুর
ডিজিটাল ডেস্কঃ মালদহের বৈষ্ণবনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের। রবিবার সকালে জাতীয় সড়কে এক ভয়াবহ সংঘর্ষে বাইক আরোহীদের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত ছুটে এলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় সাবির আলম, রমজান শেখ ও সাদিকাতুল ইসলাম। মোথাবাড়ি থানার মেহেরপুর এলাকায় তাঁদের বাড়ি। ইদ উপলক্ষে কেরল থেকে ফিরছিলেন সাবির, তাঁকে আনতেই দুই বন্ধু গিয়েছিলেন। ফরাক্কা হয়ে বাইকে ফেরার সময় ১৮ মাইল এলাকায় এক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র ধাক্কায় তিন যুবক ছিটকে পড়েন, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
আরও পড়ুনঃ ডিজনিল্যান্ড ভ্রমণের পর ছেলেকে হত্যা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মা
স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও বাঁচানো যায়নি কাউকেই। দুর্ঘটনার অভিঘাতে বাইকটি দুমড়ে-মুচড়ে যায়, রাস্তায় ছড়িয়ে পড়ে রক্ত। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
