দুর্ঘটনা
মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিরাপত্তারক্ষীর মৃত্য
ডিজিটাল ডেস্কঃ সোমবার ভোরে মুম্বইয়ের বিদ্যাবিহার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, বহুতলটির ১৩তলায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর আহত হন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তির নাম উদয় গঙ্গান (৪৩)। তিনি ১০০ শতাংশ দগ্ধ হয়েছিলেন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে, আহত ব্যক্তি সবজিৎ যাদব (৫২) দেহের ২৫-৩০ শতাংশ পোড়া অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনঃমোদির সঙ্গে বৈঠকের অনুরোধ নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪টা নাগাদ বিদ্যাবিহার স্টেশনের উল্টো দিকে অবস্থিত ওই আবাসনে আগুন লাগে। খবর পেয়েই দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ১৫-২০ জনকে উদ্ধার করে। আগুনে ভবনের প্রথম ও দ্বিতীয় তলার বেশ কয়েকটি ফ্ল্যাট সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। বৈদ্যুতিন সামগ্রী, আসবাবপত্র ও অন্যান্য গৃহস্থালীর সামগ্রী সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
