ডিজিটাল ডেস্কঃ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ১১ বছরের ছেলেকে হত্যার অভিযোগে গ্রেফতার হলেন এক ভারতীয় বংশোদ্ভূত নারী। তদন্তকারীরা জানিয়েছেন, সম্প্রতি তিনি তাঁর ছেলেকে নিয়ে ডিজনিল্যান্ডে বেড়াতে যান। ছুটি কাটানোর পর একটি মোটেলে উঠেছিলেন মা-ছেলে। সেখানেই শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়।
অভিযুক্ত নারী, যার নাম সরিতা রামরাজু, তিনি দীর্ঘদিন ধরে তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে সন্তানের হেফাজতের আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। আদালতের আদেশ অনুযায়ী, শিশুটি মূলত বাবার কাছেই থাকত, তবে নির্দিষ্ট সময়ের জন্য মায়ের সঙ্গে দেখা করার অনুমতি ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার দিন সকালে সরিতা নিজেই ফোন করে জানিয়ে দেন যে, তিনি ছেলেকে হত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, শিশুটির দেহ বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, যদি সরিতা দোষী প্রমাণিত হন, তবে তাঁকে ২৬ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। তদন্তকারীরা মনে করছেন, সন্তানের হেফাজতের আইনি লড়াইয়ে পরাজিত হওয়ার ক্ষোভ থেকেই তিনি এ নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।