দুর্ঘটনা
শিবজয়ন্তী উদযাপনে পুনের শিবনেরি দুর্গে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত বহু ভক্ত
ডিজিটাল ডেস্কঃ শিবাজি জয়ন্তী (Shivaji Jayanti) উপলক্ষে মহারাষ্ট্রের পুনে (Pune) জেলার শিবনেরি দুর্গে (Shivneri Fort) ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটেছে। ঐতিহাসিক এই দুর্গে উৎসব ও আচার-অনুষ্ঠানে অংশ নিতে বুধবার রাত থেকেই ভক্তদের ঢল নামে। ভোরের দিকে ভিড় আরও বাড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায়, ‘শিব জ্যোত’ (Shiv Jyot) ও গেরুয়া পতাকা হাতে বহু মানুষ সরু পথ ধরে এগোচ্ছিলেন। বিভিন্ন সংগঠনের সদস্যরাও শোভাযাত্রায় অংশ নেন। কিন্তু দুর্গের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ—হাতি দরওয়াজা (Hathi Darwaza) এবং গণেশ দরওয়াজা (Ganesh Darwaza)—এ একসঙ্গে অতিরিক্ত ভিড় জমায় ধাক্কাধাক্কি শুরু হয়।
ভিড়ের চাপে শ্বাসকষ্ট ও আতঙ্কে অনেকে পড়ে যান। আহতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে জুন্নরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের দাবি, কোনও প্রাণহানি হয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
