রাজ্যের খবর
বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে শিক্ষা দপ্তরের বৈঠক
ডিজিটাল ডেস্ক: অবশেষে সরকারি উদ্যোগে বৈঠকে বসলেন ‘যোগ্য’ চাকরিহারাদের (job-losers) একাংশ। এসএসসি ২০১৬ (SSC 2016) প্যানেল বাতিলের রায় ঘিরে দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে রবিবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ইঙ্গিত দিয়েছিলেন, উপযুক্ত প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসবে রাজ্য। সোমবার সেই প্রক্রিয়াই বাস্তবায়িত হল বিকাশ ভবনে (Bikash Bhavan)।
দুপুর ১টা নাগাদ বিকাশ ভবনে পৌঁছন চাকরিহারাদের ৬ প্রতিনিধি— বৃন্দাবন ঘোষ (Brindaban Ghosh), রাকেশ আলম (Rakesh Alam), চিন্ময় মণ্ডল (Chinmoy Mondal), অপরাজিতা পাণ্ডা (Aparajita Panda), হাবিবুল্লা (Habibullah) এবং অমিতরঞ্জন ভুঁইয়া (Amitranjan Bhuniya)। সরকারি তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব এবং শিক্ষা দপ্তরের অন্যান্য শীর্ষ আধিকারিকরা।
আরও পড়ুনঃ নজরুল জন্মজয়ন্তীতে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা ও ঐক্যের আহ্বান
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে বাতিল হয়েছে এসএসসি-র ২০১৬ সালের গোটা প্যানেল। প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন এই রায়ের ফলে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, চলতি বছরের মধ্যেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনরায় সম্পন্ন করতে হবে। তবে চাকরিহারাদের একাংশ ফের নতুন করে পরীক্ষা দিতে নারাজ। তাঁদের দাবি, ওএমআর (OMR) শিটের মিরর ইমেজ প্রকাশ করে যোগ্যতা যাচাই হোক এবং যাঁরা প্রকৃত অর্থে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।
এই অবস্থায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিচ্যুত প্রার্থীরা। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, “চাকরিহারাদের মধ্যে তিনটি ভাগ রয়েছে— একদল আন্দোলন করছেন, একদল সরকারের উপর আস্থা রাখছেন, আরেক অংশ কোনও প্রতিক্রিয়াই দিচ্ছেন না। আমাদের দপ্তর থেকে সোমবার যোগাযোগ করা হবে।”
সেইমতোই সোমবারের এই বৈঠক। যদিও এদিন শিক্ষামন্ত্রী নিজে উপস্থিত থাকছেন না, তবে শিক্ষা দপ্তরের শীর্ষকর্তারা আলোচনায় বসেছেন। প্রশ্ন উঠছে, আলোচনার মাধ্যমে আদৌ কোনও সমাধানসূত্র উঠে আসবে কি? এখনও সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে দীর্ঘ টানাপোড়েনের পর সরকারি আলোচনার টেবিলে বসা— চাকরিহারাদের লড়াইয়ে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পর্ব।
