রাজ্যের খবর
১৯ জুনের মধ্যেই শুরু হবে কলেজে অনলাইন ভর্তি, আশ্বাস শিক্ষামন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও কলেজে ভর্তির (WB College Admission) দিনক্ষণ নিয়ে ছিল ধোঁয়াশা। মঙ্গলবার বিধানসভায় সেই বিষয়েই প্রশ্নের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক (Bishwanath Kark) প্রশ্ন করেন, কলেজে ভর্তির প্রক্রিয়া কেন এখনও শুরু হয়নি? বিষয়টি নিয়ে দেরি হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
শিক্ষামন্ত্রী স্পষ্ট জানান, “আমাদের দেরি হয়নি। গত বছর ১৯ জুন থেকে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। এবছর এখনও ১০ জুন। ইউজিসি (UGC)-র নির্ধারিত শিক্ষাবর্ষ মেনে সময় মতোই ভর্তির কাজ শুরু হবে। আশা করছি, ১৯ জুনের মধ্যেই অনলাইন পোর্টাল খুলে যাবে।”
আরও পড়ুনঃতৃণমূলের বড় রদবদল: রাজ্য সহ সভাপতির দায়িত্ব পেলেন শংকর মালাকার
উল্লেখ্য, এ বছর ৭ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। তারপর কেটে গিয়েছে এক মাস। ওবিসি (OBC) শংসাপত্র সংক্রান্ত আইনি জটিলতার কারণে কলেজে ভর্তির প্রক্রিয়া পিছিয়ে যায়। তবে সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ হওয়ায় কলেজে ভর্তি অনেকটাই এগিয়েছে বলে সূত্রের খবর।
গত বছর ২০২৪ সালের ১৯ জুন কলেজে ভর্তির জন্য অনলাইন পোর্টাল চালু হয়েছিল। এবছরও একই সময়ের মধ্যে প্রক্রিয়া শুরু হবে বলে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন। তাঁর এই বক্তব্যে বহু ছাত্রছাত্রী এবং অভিভাবকের উদ্বেগ কিছুটা হলেও কমবে, এমনটাই মনে করছেন শিক্ষা মহল।
