রাজনীতি
চাকরিচ্যুতদের পাশে থাকার ইঙ্গিত মমতার, বিকালে সাংবাদিক সম্মেলনে নজর রাজ্যের
ডিজিটাল ডেস্কঃ চাকরিচ্যুত এসএসসি প্রার্থীদের আন্দোলনের আবহে এবার মুখ খুলতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের প্রার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া সেই প্যানেলের ফলে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন। তাঁদের পুনর্নিয়োগ ও ন্যায্যতা ফেরানোর দাবিতে দফায় দফায় চলছে প্রতিবাদ।
এই প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল ৫টায় নবান্নে সাংবাদিক সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণা তিনি নিজেই করেছেন নিজের ফেসবুক পেজে। জানিয়েছেন, “চাকরিহারা শিক্ষক ভাইবোনদের জন্য আজ বিকেল ৫টায়, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে, নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন।”
আরও পড়ুনঃ বিজ্ঞান না বিভ্রান্তি? আবর্জনা থেকে সোনা তৈরির যন্ত্রের কথা বললেন ধর্মপাল সিং
গতকাল, সোমবার শিক্ষাসচিবের সঙ্গে প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক করেছেন চাকরিচ্যুতদের প্রতিনিধিরা। কিন্তু এখনও তাঁরা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার দাবিতে অনড়। তাঁরা চান, তাঁদের সমস্যার সমাধান রাজনৈতিক স্তরেই খুঁজে বের করা হোক।
অন্যদিকে, রাজ্য সরকার বারবার জানিয়েছে, আইন মেনেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার বলেছেন, সরকারের সহানুভূতি প্রার্থীদের প্রতি রয়েছে, কিন্তু আদালতের নির্দেশিকা অমান্য করে কিছুই করা সম্ভব নয়।
এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেই দিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য। এটি শুধু একটি আইনি বিষয় নয়, এর সঙ্গে জড়িত বহু পরিবারের জীবিকা ও ভবিষ্যৎ। তাই এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে বাড়ছে প্রত্যাশা ও উত্তেজনা।
