রাজ্যের খবর
বিজেপির ‘ব্যাগেজ’ নেতাদের মুখোশ খুলবেন দিলীপ ঘোষ, হুঁশিয়ারি দিলেন প্রকাশ্যে
ডিজিটাল ডেস্কঃ বঙ্গ বিজেপির অন্দরে দ্বন্দ্ব আরও তীব্র আকার নিচ্ছে। এবার দলের অন্দরেই বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার তিনি সরাসরি দাবি করেন, “কে পাথরের মূর্তি বেচে, কে বালি খাদান চালায়—সব আমার জানা আছে। এবার একে একে নাম ফাঁস করব।”
দলীয় মঞ্চে দিলীপবাবুর এই মন্তব্য ঘিরে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, তৃণমূল (TMC) থেকে বিজেপিতে আসা অনেক নেতাই ‘ব্যাগেজ’ নিয়ে এসেছেন। যাঁদের অতীত ঘোলাটে, এমন মানুষরা আজ দলে জায়গা করে নিয়েছেন। নাম না করে নিশানা করেন অর্জুন সিং (Arjun Singh)-কেও।
দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল থেকে অনেকে এসে নিজেদের জায়গা তৈরি করেছেন ঠিকই, কিন্তু সঙ্গে এনেছেন অপরাধ জগতের সম্পর্কও। কে কয়লা মাফিয়াকে সঙ্গে রাখে, কে কাদের কাছ থেকে টাকা নেয়—সব আমার জানা। এবার সব বলব। এখনও তো শুরু করলাম মাত্র!”
আরও পড়ুনঃপাক নাগরিকদের চিহ্নিত করে ফেরানোর দাবি, জেলাজুড়ে ধর্ণায় বিজেপি
শনিবার অর্জুন সিং অভিযোগ করেছিলেন, দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনের সময় দিলীপ ঘোষের সঙ্গে ঘোরাফেরা করেছেন জিয়ারুল হক (Jiarul Haque) নামক এক ব্যক্তি, যিনি নাকি কুখ্যাত পাচারচক্রের সদস্য বারিক বিশ্বাসের (Barik Biswas) ঘনিষ্ঠ এবং তৃণমূল নেতা শেখ শাহাজাহানের অনুগামী।
রবিবার দিলীপ ঘোষ পাল্টা বলেন, “জিয়ারুলকে বহুদিন ধরে চিনি। তিনি দিশা কমিটির সদস্য। কেন্দ্রীয় স্তরে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। যদি তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থেকে থাকে, প্রশাসন ব্যবস্থা নিক। তবে প্রশ্ন, অর্জুন সিং জানলেন কীভাবে কার সঙ্গে কার সম্পর্ক রয়েছে?”
প্রাক্তন রাজ্য সভাপতির কটাক্ষ, “আমি যদি বলি লালার (Lala, coal mafia) সঙ্গে অর্জুনের যোগ আছে? দুর্গাপুরে শুটআউটে নিহত রাজুকে তো তিনিই দলে এনেছিলেন! আমি প্রমাণ ছাড়া কিছু বলি না।”
সবমিলিয়ে দিলীপ ঘোষ স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, বিজেপির অভ্যন্তরে যে ‘বহিরাগত’ নেতারা এসেছে, তাঁদের অনেকে দলে থেকে সুবিধা নিচ্ছেন এবং দলে অশান্তির বাতাবরণ তৈরি করছেন। এভাবে চললে তিনি চুপ করে থাকবেন না, সব তথ্য সামনে আনবেন বলেও হুঁশিয়ারি দিলেন।
