ভাইরাল খবর
পাক নাগরিকদের চিহ্নিত করে ফেরানোর দাবি, জেলাজুড়ে ধর্ণায় বিজেপি
ডিজিটাল ডেস্কঃ নিরাপত্তা ইস্যুতে এবার কড়া অবস্থান রাজ্য বিজেপির। কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam, Kashmir) ভয়াবহ জঙ্গি হামলার প্রতিবাদে গোটা দেশে যখন পাকিস্তান বিরোধী ক্ষোভ চরমে, সেই প্রেক্ষিতেই এ রাজ্যে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
শনিবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট জানান, “কাশ্মীরে আমাদের সেনা ও সাধারণ মানুষের উপর বর্বরোচিত হামলার ঘটনার নেপথ্যে পাকিস্তান রয়েছে—এ নিয়ে কোনও সন্দেহ নেই। কেন্দ্র ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে। সেই ধারাবাহিকতায় রাজ্যেও পাকিস্তানি নাগরিকদের খোঁজ নিয়ে তাঁদের ফেরত পাঠানো উচিত।”
আরও পড়ুনঃ যোগ্য-অযোগ্য তালিকার বিভ্রান্তি, রিভিউ চেয়ে এসএসসি ও সরকারের আবেদন
এই দাবিকে সামনে রেখে সোমবার রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকের (DM Office) কার্যালয়ের সামনে ধর্ণা-অবস্থান কর্মসূচির ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “বাংলায় বসবাসরত পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোই এখন সবচেয়ে জরুরি। আমরা শান্তিপূর্ণ পথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। যদি তারা ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।”
উল্লেখ্য, কাশ্মীর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেন্দ্র সরকার পাকিস্তান থেকে আমদানি-রপ্তানি বন্ধসহ বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। সেই আবহেই রাজ্য বিজেপি চাইছে এ রাজ্যেও সেই সুরেই কড়া ব্যবস্থা নেওয়া হোক।
