দেশের খবর
মোদির ‘বঙ্কিম দা’ মন্তব্যে তৃণমূলের প্রতিবাদে উত্তাল সংসদ প্রাঙ্গণ
ডিজিটাল ডেস্কঃ ‘বন্দে মাতরম’ (Vande Mataram) বিতর্ককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন তীব্র উত্তপ্ত হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chattopadhyay)—এই দুই মনীষার প্রতি বাঙালির বিশেষ আবেগকে স্পর্শ করেই সোমবার ও মঙ্গলবার ধারাবাহিকভাবে প্রতিবাদে সামিল হন তৃণমূল সাংসদরা। লোকসভায় বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিম দা’ বলে সম্বোধন করায় ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল।
প্রধানমন্ত্রী আরও স্বাধীনতা সংগ্রামী পুলিনবিহারী দাসকে ‘পুলিন বিকাশ দাস’ এবং মাস্টারদাকে ‘মাস্টার সূর্য সেন’ বলে উল্লেখ করলে তৎক্ষণাৎ আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। পরপর কয়েকবার আপত্তি তোলার পর মোদি ভুল স্বীকার করে ‘বঙ্কিমবাবু’ বলে সংশোধন করেন। যদিও তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি। তৃণমূলের অভিযোগ—প্রধানমন্ত্রী বাংলার সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিজীবী সমাজকে অপমান করেছেন।
মঙ্গলবারও সেন্ট্রাল হলের বাইরে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের ছবি (Photos) হাতে মৌন বিক্ষোভে অংশ নেন তৃণমূল সাংসদরা। জয়নগরের প্রতিমা মণ্ডল জানান, “এই সম্বোধন শুধু বঙ্কিমচন্দ্রকে নয়, গোটা বাংলাকে অপমান করেছে।” তাঁর দাবি, বাংলার মানুষ এ ধরনের মন্তব্য ক্ষমা করবে না।
জাতীয় রাজনীতি এখন বন্দে মাতরম ইস্যুকে কেন্দ্র করে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে।


