রাজ্যের খবর
পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্কুটারে চেপে নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক , ২৫ ফেব্রুয়ারি : পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানী তেলের লাগামছাড়া দাম বাড়ার প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার তিনি গাড়ির বদলে ই-ব্যাটারি চালিত স্কুটারে চেপে কালীঘাটের বাড়ি থেকে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে যান। তাঁকে স্কুটার চালিয়ে নিয়ে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
দেশ জুড়ে লাগামছাড়া মূল্যবৃদ্ধি জ্বালানীর। পেট্রল ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া৷ লিটার পিছু পেট্রল-ডিজেল একশো টাকা ছুঁইছুঁই। সেই কারণে গত ২০ ও ২১ ফেব্রুয়ারি তৃণমূল কর্মীদের রাজ্য জুড়ে বিক্ষোভ-মিছিলের নির্দেশ দিয়েছিলেন মমতা। নিজে একাধিক জনসভা ও কর্মসূচিতে লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। পেট্রল ও ডিজেলের উপর থেকে এক টাকা করে করও কমিয়েছে রাজ্য। কারণ, রোজ জ্বালানির দাম বেড়েই চলেছে। বিধানসভা নির্বাচনের আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি অন্যতম ইস্যু করেছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিন অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় । ইলেকট্রিক স্কুটারে চেপে গেলেন নবান্নে।
