ভোটের খবর
“বিজেপি ইভিএম বদলের চেষ্টা করে”, বিজেপির বিরুদ্ধে সরব বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা যশবন্ত সিনহা
নিউজ ডেস্ক , ০৩ এপ্রিল : “ভোটে জিততে পারবে না বুঝতে পেরে ইভিএম বদল করতে চেষ্টা করছে বিজেপি”, বিজেপির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগে সামিল হলেন প্রাক্তন বিজেপি নেতা ও বাজপেয়ীর মন্ত্রিসভার বিদেশ মন্ত্রী যশবন্ত সিনহা। বাংলায় জিততে বিজেপি নেতৃত্ব মিথ্যে প্রচারের আশ্রয় নেবে বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেছেন বর্তমান তৃণমূল নেতা যশবন্ত সিনহা।
শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে যশবন্ত সিনহা বলেন, “প্রথম দু’দফার ভোটে ফলাফল যে খুবই নিরাশাজনক হবে, তা বুঝেছে বিজেপি। তাই গভীর রাতে মোদি-অমিত শাহ-নাড্ডা মিলে বৈঠক করেছেন। হারবে বুঝে বিজেপি ইভিএম বদলের চক্রান্ত করেছে। আমরা তা রুখে দেব। আগামী ৬ দফা ভোটে ওদের ফল আরও খারাপ হবে। অসমেও ইভিএম কারচুপির ঘটনা সামনে এসেছে। মানুষের ভোটে এদের আস্থা নেই, তাই ইভিএমে কারচুপি করবে জেতার জন্য।”পাশাপাশি তিনি অসমে বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম মেলার ঘটনা উল্লেখ্য করে অভিযোগ করেন, “বিজেপি নেতারা যেখানে যেখানে হারতে পারেন বলে আশঙ্কা করছেন, সেখানে অসমের কায়দায় ইভিএম মেশিন বদল করার চক্রান্ত করা হচ্ছে।”
“নন্দীগ্রামের ভোটে, মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন”, বলে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বারবার নানা জনসভা থেকে কটাক্ষ করেছেন। শনিবার এই মন্তব্যকে হাতিয়ার করে যশবন্ত সিনহা বলেন, “হার নিশ্চিত জেনে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিজেপি নেতারা মাইন্ড গেমস খেলছেন।”
