ভাইরাল খবর
ফলতায় পুনর্নির্বাচনে উলটো ছবি! বুথের লাইনে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ ভোটারের
ডিজিটাল ডেস্কঃ ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে বৃহস্পতিবার একেবারে ভিন্ন ছবি দেখা গেল। অধিকাংশ বুথে তৃণমূল কংগ্রেসের কোনও এজেন্ট (Agent) চোখে পড়েনি। অন্যদিকে বুথে বুথে বিজেপির উপস্থিতি ছিল স্পষ্ট। এই পরিস্থিতিতে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “অনেক শুনেছিলাম ধুরন্ধর নাকি! সে কোথায় গেল? পুলিশ ছাড়া লড়তে ক্ষমতা লাগে।”
ফলতায় তৃণমূলের টিকিটে লড়ার কথা ছিল ‘পুষ্পা’ নামে পরিচিত জাহাঙ্গির খানের। তবে ভোটের ৪৮ ঘণ্টা আগেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় ইভিএমে (EVM) তাঁর নাম রয়ে গিয়েছে। ভোটের দিন তাঁর বাড়ি ও দলীয় কার্যালয় কার্যত বন্ধ পাওয়া যায়। স্থানীয়দের অনেকেই তাঁর অবস্থান সম্পর্কে মুখ খুলতে চাননি। এদিকে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা সকাল থেকেই খোশমেজাজে এলাকায় ঘুরে বেড়ান। ঘুগনি-মুড়ি খেতে খেতেই তিনি দাবি করেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং বিজেপির জয় নিশ্চিত। তাঁর কথায়, “এক লাখ থেকে দেড় লাখ ভোটে বিজেপি জিতবে।”
ফলতা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৪৪৪। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা পর্যন্ত প্রায় ২০.৪৭ শতাংশ ভোট পড়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই ভোটগ্রহণ চলে।
ভোট দিয়ে বহু সাধারণ মানুষ দাবি করেছেন, দীর্ঘদিন পর তাঁরা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। কারও অভিযোগ, অতীতে ভোটকেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি, আবার কারও দাবি মৃত ব্যক্তির নামেও ভোট পড়ত। তবে এদিনের পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। স্থানীয়দের কথায়, “এবার সত্যিই শান্তিতে ভোট দিতে পারলাম।”


