ভাইরাল খবর
ফলতায় ধরাশায়ী ‘পুষ্পা’ জাহাঙ্গীর! গণনা শেষের আগেই আবির খেলায় মাতলো বিজেপি
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের (By-Election) গণনায় শুরু থেকেই দাপট দেখাল বিজেপি (BJP)। রবিবার সকাল আটটা থেকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে (Diamond Harbour Women’s University) শুরু হয় ভোটগণনা (Counting)। প্রথমে ব্যালট (Ballot) এবং পরে ইভিএম (EVM) গণনায় বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা বড় ব্যবধানে এগিয়ে যান। চতুর্থ রাউন্ড শেষে তাঁর প্রাপ্ত ভোট ২৫ হাজার ৪৩৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম (CPIM) প্রার্থী শম্ভুনাথ কুর্মি পেয়েছেন ১১ হাজার ৩৪৫ ভোট। ফলে বিজেপি এগিয়ে রয়েছে ১৪ হাজার ৯৩ ভোটে।
অন্যদিকে কংগ্রেস (Congress) প্রার্থী আবদুর রাজ্জাক মোল্লা পেয়েছেন ২ হাজার ৯৯৬ ভোট। তৃণমূল (TMC) প্রার্থী জাহাঙ্গীর খান রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর ঝুলিতে এসেছে মাত্র ১ হাজার ৪০৫ ভোট। গণনাকেন্দ্রের বাইরে ইতিমধ্যেই উল্লাসে মেতেছেন বিজেপি সমর্থকেরা।
প্রসঙ্গত, ভোটের দু’দিন আগে আচমকাই লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, যিনি ‘পুষ্পা’ নামেও পরিচিত। তারপর থেকেই ফলতায় বিজেপির জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছিল। গণনাকেন্দ্রে তৃণমূলের কোনও কাউন্টিং এজেন্টও দেখা যায়নি।
বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা আগেই দাবি করেছিলেন, তিনি লক্ষাধিক ভোটে জিতবেন। তবে জয় নিশ্চিত হলেও কোনও বিজয় মিছিল না করার আবেদন জানান কর্মী-সমর্থকদের কাছে। কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ফলতা উপনির্বাচনের গণনা।


