ভাইরাল খবর
পহেলগাঁও কাণ্ডে কেন্দ্রকে তুলোধোনা, অমিত শাহকে রিজাইনের হুঁশিয়ারি অভিষেকের
ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হানাকে ঘিরে ফের কেন্দ্রকে একহাত নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লি রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি প্রশ্ন তুললেন, “তিন মাস কেটে গেল, কিন্তু পহেলগাঁও হামলার চার জঙ্গি কোথায়? তারা কি হাওয়ায় মিলিয়ে গেল?”
তিনি জানান, এই প্রশ্ন তিনি লোকসভায়ও তুলেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনও জবাব পাননি। অভিষেকের সাফ অভিযোগ, “জঙ্গিরা তো মশা-মাছি নয়, একে-৪৭ হাতে ঢুকছে আর কেন্দ্রীয় সরকার ঘুমাচ্ছে। বিএসএফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় পহেলগাঁওয়ে ২৬ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।” তাঁর বক্তব্য, সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ হোক বা পাকিস্তান থেকে জঙ্গি ঢোকা— সব কিছুর দায় কেন্দ্রীয় সরকার এবং তাদের অধীনস্থ এজেন্সিগুলির।
আরও পড়ুনঃ “২২ লক্ষ পরিযায়ীকে ফিরিয়ে আনুন”— মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রশাসনকে
তিনি বলেন, “২০১৯ সালের পুলওয়ামার মতই আবারও ইন্টেলিজেন্স ফেলিওর। তা হলে কেন এমন সরকারকে এক্সটেনশন দেওয়া হচ্ছে? কেনই বা অমিত শাহ এখনও পদে রয়েছেন?” সত্যপাল মালিক এবং মনোজ সিনহার পূর্বতন বিবৃতির উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্র নিজেই স্বীকার করেছে এই হামলার পিছনে গোয়েন্দা ব্যর্থতা ছিল।
এখানেই থেমে থাকেননি অভিষেক। তিনি বিজেপির রাজ্য নেতাদেরও নিশানা করেন। বলেন, “সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছেন, কিন্তু বাংলার জন্য কিছু করেছেন কি? ৫ বছর ধরে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে। এটা কি বাংলা ও বাঙালির প্রতি রাজনৈতিক প্রতিহিংসা নয়?”
সবশেষে তাঁর কটাক্ষ, “রোহিঙ্গা, বাংলাদেশি বলে প্রচার করে বিজেপি নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে। অথচ বর্ডার দিয়ে কে ঢুকছে তা দেখার দায়িত্ব তো ওদেরই। কেউ তো পাখি হয়ে উড়ে আসছে না।”
অভিষেকের কথায়, জবাব না দিয়ে প্রশ্ন করলে চলবে না। আগে নিজের দায়িত্ব সামলাক কেন্দ্র, তারপর প্রশ্ন তোলা শোভা পায়।