চিকিৎসার জন্য এসে মর্মান্তিক মৃত্যু! দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে মৃত ২১, উদ্ধার ৪০
Connect with us

দুর্ঘটনা

চিকিৎসার জন্য এসে মর্মান্তিক মৃত্যু! দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে মৃত ২১, উদ্ধার ৪০

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশের রাজধানী দিল্লির মালব্যনগর (Malviya Nagar) এলাকায় বুধবার সকালে ঘটে গেল এক অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। হাউজ রানি এলাকার একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Hotel Fire) জেরে এখনও পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, হোটেলটির বেসমেন্ট বা নিচতলায় অবস্থিত রেস্তোরাঁ থেকে সকাল ৯টা নাগাদ এই আগুনের সূত্রপাত হয়। রেস্তোরাঁর এক শেফ জানান, বৈদ্যুতিক চুলা (Electric Stove) চালু করার সময়ই আচমকা আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement
ads

দুর্ঘটনার সময় হোটেলটিতে প্রায় অর্ধশতাধিক অতিথি ছিলেন, যাঁদের মধ্যে অধিকাংশ মানুষই ছিলেন ঘুমন্ত। ফলে পরিস্থিতি আরও ভয়ানক আকার ধারণ করে। আগুন ও কালো ধোঁয়া থেকে বাঁচতে হোটেলের ওপরের তলা থেকে দুই মহিলাকে নিচে ঝাঁপ দিতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি নিজেদের বাড়ি থেকে ম্যাট্রেস ও গদি এনে রাস্তায় বিছিয়ে দেওয়ায় অনেকেই বড়সড় আঘাত থেকে রক্ষা পান। দমকল বাহিনীর (Fire Service) একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ জনকে উদ্ধার করে (Rescue Operation)। আহতদের দ্রুত সাকেতের ম্যাক্স হাসপাতাল এবং এইমস (AIIMS) ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

Advertisement
ads

পুলিশ সূত্রে খবর, হোটেলটিতে থাকা আবাসিকদের বড় অংশই ছিলেন বিদেশি নাগরিক (Foreign nationals), যাঁরা মূলত চিকিৎসার প্রয়োজনে ভারতে এসেছিলেন। এই অগ্নিকাণ্ডের পর হোটেলের আইনি বৈধতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। দিল্লি সরকারের ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ (Bed & Breakfast) প্রকল্পের অধীনে মাত্র ৬টি ঘর চালানোর অনুমতি থাকলেও, সেখানে নিয়ম লঙ্ঘন করে ২৫টি ঘর চালানো হচ্ছিল। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।