খুন
হলদিয়ায় মা-মেয়েকে জীবন্ত পুড়িয়ে হত্যা, ৫ বছর পর অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড
ডিজিটাল ডেস্কঃ হলদিয়ায় মা ও মেয়েকে জীবন্ত পুড়িয়ে হত্যার নৃশংস ঘটনায় অবশেষে বিচার মিলল পাঁচ বছর পর। তমলুক জেলা ও দায়রা আদালতের বিচারক প্রিয়ব্রত রায় (Priyabrata Ray) শনিবার রায় শুনিয়ে চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। সঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ও ৩০১ (প্রমাণ লোপাটের চেষ্টা) ধারায় সাজা ঘোষণা হয়।
ঘটনাটি ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি। উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের বাসিন্দা রমা দে (Rama Dey) ও তাঁর মেয়ে জেসিকা দে (Jessica Dey) অভিযুক্ত সাদ্দাম হোসেনের (Sheikh Saddam Hossain) সঙ্গে সম্পর্কের সূত্রে হলদিয়ায় আসেন। অভিযোগ, রমা ও জেসিকা—দু’জনের সঙ্গেই সাদ্দামের সম্পর্ক তৈরি হয় এবং জেসিকাকে বিয়েও করেন তিনি। কিন্তু মা-মেয়ের সঙ্গে দ্বৈত সম্পর্কের জেরে দাম্পত্য ও ব্যক্তিগত জীবনে শুরু হয় দ্বন্দ্ব।
আরও পড়ুনঃ তৃণমূলের নতুন কোর কমিটি ঘোষণা, দার্জিলিং-তমলুকে এল পরিবর্তনের হাওয়া
পুলিশ সূত্রে জানা যায়, সাদ্দাম সব সম্পর্ক থেকে মুক্তি পেতে পরিকল্পনা করেন তাঁদের খুনের। ঘটনার দিন মা-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে গাড়িতে করে হলদিয়া পৌরসভার ঝিকুরখালি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই গাড়ির ভিতরে তাঁদের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এলাকাবাসী ধোঁয়া ও চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেন। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার হলেও শেষ পর্যন্ত দু’জনেই প্রাণ হারান।
পাঁচ বছরের দীর্ঘ শুনানি ও ২৬ জন সাক্ষীর জবানবন্দি শেষে আদালত এই মামলার মূল অভিযুক্ত সাদ্দাম হোসেনসহ বাকি তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। সাজা ঘোষণার পর আদালত মন্তব্য করে—এ ধরনের অপরাধ সমাজের জন্য চরম নিন্দনীয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।
