দেশের খবর
যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ১৬১ ভারতীয়কে উদ্ধার, সফল ‘অপারেশন সিন্ধু’
ডিজিটাল ডেস্কঃ ইজরায়েল-ইরান (Israel-Iran Conflict) যুদ্ধের উত্তপ্ত পরিবেশের মধ্যে দেশবাসীর জন্য স্বস্তির খবর। মঙ্গলবার দেশে ফিরলেন ইজরায়েল থেকে উদ্ধার হওয়া প্রথম পর্যায়ের ১৬১ জন ভারতীয় (Indian Citizens)। ইজরায়েল থেকে সরাসরি নয়, প্রথমে তাঁদের জর্ডানে নিয়ে আসা হয়। সেখান থেকে ভারতীয় বায়ুসেনার (IAF) বিশেষ বিমানে তাঁদের নিরাপদে দেশে ফেরানো হয়। গোটা প্রক্রিয়া চলে ‘অপারেশন সিন্ধু’ (Operation Sindhu)-র আওতায়।
যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই উদ্ধার মিশন ছিল অত্যন্ত জটিল। ইজরায়েল ও ইরানের আকাশসীমা প্রায় পুরোপুরি বন্ধ ছিল। আমেরিকার (USA) ইরানে সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। এই আবহেই শুরু হয় ভারতীয়দের ঘরে ফেরানোর কাজ। তেল আভিভে (Tel Aviv) অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassy)-এর তত্ত্বাবধানে তৈরি হয় দ্রুত উদ্ধার পরিকল্পনা।
আরও পড়ুনঃ ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি উড়িয়ে দিল তেহরান, মধ্যপ্রাচ্যে জল্পনা তুঙ্গে
দূতাবাসের তরফে প্রাথমিকভাবে ইজরায়েলে অবস্থানরত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়। ফোন, ইমেল—সব মাধ্যমেই খবর পাঠানো হয়। যাঁদের অবস্থা সবচেয়ে সংকটজনক—যেমন শিশু, মহিলা, মেডিক্যাল ইমার্জেন্সি এবং পড়ুয়ারা—তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়।
উদ্ধার হওয়া ভারতীয়দের প্রথমে তেল আভিভ থেকে শেখ হুসেন ব্রিজ (Sheikh Hussein Bridge) হয়ে জর্ডান সীমান্তে নিয়ে আসা হয়। এরপর জর্ডানের আম্মান (Amman) এয়ারপোর্ট থেকে ভারতীয় বায়ুসেনার C-17 বিমানে তাঁদের দেশে ফেরানো হয়।
বায়ুসেনা (Indian Air Force) জানিয়েছে, “পশ্চিম এশিয়ার সংঘর্ষ প্রবণ এলাকায় দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে ভারতীয় নাগরিকদের উদ্ধার করা হচ্ছে। বিশ্বজুড়ে প্রয়োজনের সময় সাড়া দেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনা সর্বদা প্রস্তুত।”
এই কঠিন সময়েও দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চালিয়ে নিরাপদে ১৬১ জন ভারতীয়কে দেশে ফেরানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলছে পরিবারগুলি। ‘অপারেশন সিন্ধু’ সফল করতে বিশেষ ভূমিকা নিয়েছে তেল আভিভে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং (JP Singh)।
