দেশের খবর
যাবতীয় অপেক্ষার অবসান, ২৫ জুন মহাকাশ যাত্রায় শুভাংশু শুক্লা
ডিজিটাল ডেস্কঃ অবশেষে অপেক্ষার অবসান। নাসা (NASA) ঘোষণা করল ‘অ্যাক্সিয়ম স্পেস মিশন-৪’ (Axiom Space Mission-4)–এর নতুন দিন। বহু প্রতীক্ষিত এই অভিযানে অংশ নিতে চলেছেন ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। আগামী ২৫ জুন, ২০২৫, বুধবার ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে শুভাংশু শুক্লা-সহ চার মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশে রওনা দেবেন।
শুভাংশু শুক্লা এই মিশনে ভারতের প্রতিনিধি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ১৯৮৪ সালে রাকেশ শর্মা (Rakesh Sharma) মহাকাশে যাত্রার পর এটি হবে ভারতের জন্য মানব মহাকাশ অভিযানে এক নতুন মাইলফলক।
আরও পড়ুনঃ যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ১৬১ ভারতীয়কে উদ্ধার, সফল ‘অপারেশন সিন্ধু’
উল্লেখ্য, এই ‘অ্যাক্সিয়ম-৪’ মিশনের (Axiom-4 Mission) তারিখ বারবার পিছিয়ে গিয়েছে। প্রথমে ২৫ মে যাত্রার দিন নির্ধারিত ছিল। পরে তা পিছিয়ে ৮ জুন করা হয়। এরপর কয়েক দফা সময় বদলের পর অবশেষে নির্ধারিত হল ২৫ জুন। এটি নাসার পক্ষ থেকে এই মিশনের ষষ্ঠ সূচি ঘোষণা। নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) কিছু জরুরি মেরামতির কাজের জন্যই এতদিন অভিযান পিছিয়ে ছিল। এখন সব পরীক্ষায় সবুজ সংকেত মিলেছে।
শুভাংশুর সঙ্গে মহাকাশ যাত্রায় থাকবেন বর্ষীয়ান মহাকাশচারী পেগি হুইটসন (Peggy Whitson) এবং পোল্যান্ড ও হাঙ্গেরির দুই নভোচারী। তাঁরা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে প্রায় ১৪ দিন থাকবেন এবং নাসা ও ইসরোর (ISRO) সমন্বয়ে বৈজ্ঞানিক গবেষণা ও নানা পরীক্ষানিরীক্ষায় অংশ নেবেন।
‘অ্যাক্সিয়ম-৪’ মিশনের মাধ্যমে শুভাংশু শুক্লা ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী বড় লক্ষ্য ‘গগনযান’ (Gaganyaan) মিশনের মাটির ভিত শক্ত করবেন বলে মনে করা হচ্ছে। মহাকাশ অভিযানে ভারতের ক্রমবর্ধমান সাফল্য এবং আন্তর্জাতিক অংশগ্রহণের এক নতুন দিগন্ত খুলে দিল এই মিশন।
এই মিশনের জন্য ব্যবহার করা হবে স্পেসএক্সের (SpaceX) তৈরি ড্রাগন মহাকাশযান (Dragon Spacecraft), যা ফ্লোরিডা (Florida) থেকে উৎক্ষেপণ করা হবে। আন্তর্জাতিক মহলে ইতিমধ্যেই শুভাংশু শুক্লা ও তাঁর দলকে শুভেচ্ছা জানানো হয়েছে।
