দেশের খবর
বিজেপির সঙ্গে দীর্ঘ সংঘাতের অবসান! সৌহার্দ্যপূর্ণ বিচ্ছেদ চেয়ে দল ছাড়লেন আন্নামালাই
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ভারতের রাজনীতিতে বড়সড় ধস। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত ভারতীয় জনতা পার্টি (BJP) ছাড়লেন তামিলনাড়ুর প্রভাবশালী নেতা কে আন্নামালাই। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি (All India President) নীতিন নবীনের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তামিলনাড়ুতে বিজেপি সভাপতির দায়িত্ব সামলানো আন্নামালাইয়ের এই পদক্ষেপে দ্রাবিড় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
সূত্রের খবর, দলত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এদিন সকালে তিনি নীতিন নবীন ও সাংগঠনিক সম্পাদক (Organisational Secretary) বিএল সন্তোষের সঙ্গে দেখা করে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি ‘সৌহার্দ্যপূর্ণ বিচ্ছেদ’ চান। গেরুয়া শিবিরের পক্ষ থেকে আন্নামালাইয়ের মান ভাঙাতে তাঁকে রাজ্যসভায় (Rajya Sabha) পাঠানোর প্রস্তাব দেওয়া হলেও তিনি তা সরাসরি প্রত্যাখ্যান (Reject) করেন। বিকেল ৪টে নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহের সঙ্গেও তাঁর দেখা করার কথা ছিল।
রাজনৈতিক মহলের মতে, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে এনডিএ (NDA) জোটের ব্যর্থতা এবং অভিনেতা জোসেফ বিজয়ের দল ‘টিভিকে’ (TVK) ক্ষমতায় আসার পর থেকেই আন্নামালাই বিজেপিতে নিজের ভবিষ্যৎ (Future) নিয়ে সংশয়ে ছিলেন। সিবিএসই-র শিক্ষানীতি এবং এআইডিএমকে (AIADMK) দলের সঙ্গে জোট নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর ঠোকাঠুকি চলছিল। এর জেরে তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে নাইনার নাগেন্দ্রনকে দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনে টিকিটও পাননি তিনি। বর্তমানে আন্নামালাইয়ের অনুগামীরা ‘আমাদের নেতা আসছেন’ বলে পোস্টার দেওয়া শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁর নতুন দলের নাম ও প্রতীক নিয়েও চর্চা শুরু হয়েছে।


