দেশের খবর
বাংলাদেশ সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠক ও পরিদর্শন
ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রপুঞ্জ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে—এই প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। এবার সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশে আসছেন তিনি। বৃহস্পতিবার শুরু হওয়া চার দিনের সফরে ঢাকায় অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন গুতেরেস। শুক্রবার তাঁরা কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন এবং সন্ধ্যায় শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন।
২০১৭ সালে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের দায়িত্ব নেওয়ার আগে গুতেরেস এক দশক শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে কাজ করেছেন। রোহিঙ্গা সংকটের গভীরতা সম্পর্কে তিনি আগে থেকেই অবগত। ধারণা করা হচ্ছে, এ সফরে তিনি বাংলাদেশকে শরণার্থী সংকট মোকাবিলায় নতুন সহায়তার ঘোষণা দিতে পারেন।
আরও পড়ুনঃ দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে ধর্ষণ ও শ্লীলতাহানি, গ্রেফতার ২
গুতেরেস ২০১৮ সালে বাংলাদেশ সফর করেছিলেন। সম্প্রতি ইউনূসকে পাঠানো এক চিঠিতে তিনি মায়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, সে দেশের রাজনৈতিক অস্থিরতার স্থায়ী সমাধানে রাষ্ট্রপুঞ্জের চলমান প্রচেষ্টার কথাও জানান। মায়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
