ভাইরাল খবর
দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে ধর্ষণ ও শ্লীলতাহানি, গ্রেফতার ২
ডিজিটাল ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লির এক হোটেলে ভয়ংকর অভিজ্ঞতার শিকার হলেন এক ব্রিটিশ নারী। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পরিচিত এক ব্যক্তি তাঁকে হোটেলে আমন্ত্রণ জানান, তারপর সেই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে। আতঙ্কিত হয়ে যখন তিনি সাহায্যের জন্য এগিয়ে যান, তখন হোটেলের লিফটে আরেক ব্যক্তি তাঁর ওপর শারীরিক হেনস্থা চালায়।
আরও পড়ুনঃ বিজ্ঞানীর করুণ পরিণতি: পার্কিং নিয়ে বিবাদ, প্রতিবেশীর হামলায় মৃত্যু
দক্ষিণ-পশ্চিম দিল্লির মহিপালপুর এলাকার একটি হোটেলে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ওই ব্রিটিশ নারী এক ব্যক্তির সঙ্গে অনলাইনে পরিচিত হন এবং তাঁর আমন্ত্রণে দিল্লিতে আসেন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তিনি একটি হোটেল বুক করেন। সেখানেই মঙ্গলবার রাতে অভিযুক্ত ব্যক্তি তাঁর ঘরে আসে এবং কথোপকথনের এক পর্যায়ে মহিলার ওপর জোরজবরদস্তি চালায়। বাধা দেওয়ার চেষ্টা করলেও, তিনি ধর্ষণের শিকার হন বলে অভিযোগ। ঘটনার পর তিনি দ্রুত রিসেপশনে গিয়ে সাহায্য চাইতে গেলে লিফটে উঠার সময় আরও এক ব্যক্তি তাঁকে শ্লীলতাহানি করে। এই ঘটনার পরপরই ভুক্তভোগী মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। দিল্লি পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, “একজনকে ধর্ষণের অভিযোগে এবং অপরজনকে লিফটে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।”
এই ঘটনা এমন সময় সামনে এল, যখন সম্প্রতি কর্ণাটকের কোপ্পালে এক ইসরায়েলি পর্যটকের ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ক্রমবর্ধমান এমন ঘটনার ফলে ভারতে বিদেশি নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিদেশি পর্যটকদের সুরক্ষিত রাখতে আরও কড়া ব্যবস্থা নেওয়া জরুরি। দিল্লি পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।
