দেশের খবর
সোনা পাচারের কৌশল ইউটিউব থেকে শিখেছিলেন? তদন্তে নতুন মোড় রান্যা রাও-কাণ্ডে!
ডিজিটাল ডেস্কঃ কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের সোনা পাচার মামলা ঘিরে নতুন মোড় নিয়েছে। গ্রেফতারের পর তিনি স্বীকার করেছিলেন, আগেও দুবাই থেকে দু’বার সোনা এনেছিলেন। তবে এবার গোয়েন্দাদের সামনে তিনি ভিন্ন বক্তব্য দিয়েছেন— দাবি করেছেন, ৩ মার্চই প্রথমবার পাচারের চেষ্টা করেছিলেন। সূত্রের খবর, তিনি জানিয়েছেন, কীভাবে সোনা পাচারের কৌশল রপ্ত করেছেন এবং এই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করেছিলেন।
গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কোটি টাকার সোনা-সহ গ্রেফতার হন রান্যা। এই ঘটনার পর থেকেই তদন্তকারীরা জানতে চাইছেন— এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত? রান্যার সঙ্গে তাঁদের সম্পর্ক কেমন? যদিও এখন পর্যন্ত এই মামলায় আর কাউকে গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুনঃবাংলাদেশ সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠক ও পরিদর্শন
বর্তমানে আদালতের নির্দেশে রান্যাকে ডিআরআই হেফাজতে রাখা হয়েছে। সেখানে দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। সূত্র অনুযায়ী, অভিনেত্রী জানান, ১ মার্চ তিনি একটি অচেনা বিদেশি নম্বর থেকে ফোন পান। কয়েকদিন ধরে এই নম্বর থেকে বারবার ফোন করা হচ্ছিল। তাঁকে দুবাই বিমানবন্দরের নির্দিষ্ট গেটে যেতে বলা হয় এবং সেখানে অপেক্ষারত এক ব্যক্তির কাছ থেকে সোনা নিয়ে বেঙ্গালুরু পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়।
রান্যার দাবি, ইউটিউবে ভিডিও দেখে তিনি শিখেছিলেন কীভাবে সোনা পাচার করা যায়। তিনি জানান, সোনার বার দুটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছিল, যা তিনি বিমানবন্দরের বাথরুমে গিয়ে নিজের শরীরের সঙ্গে বেঁধে নেন এবং জুতোর মধ্যেও লুকিয়ে ফেলেন।
কিন্তু কে তাঁকে ফোন করে নির্দেশ দিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত নন বলে পুলিশকে জানিয়েছেন রান্যা। তাঁর দাবি, বিমানবন্দরে যিনি তাঁকে সোনা দিয়ে গিয়েছিলেন, তাঁর উচ্চতা প্রায় ছ’ফুট, তবে এর আগে কখনো তাঁকে দেখেননি। তদন্ত এখনো চলছে, এবং গোয়েন্দারা পাচারচক্রের গভীরে পৌঁছানোর চেষ্টা করছেন।
