স্কুটি সহ ব্যক্তির জ্বলন্ত মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য হেমতাবাদে
Connect with us

জেলার খবর

স্কুটি সহ ব্যক্তির জ্বলন্ত মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য হেমতাবাদে

Dwip Narayan Chakraborty

Published

on

অত্যন্ত রহস্যময় ঘটনা। স্কুটি সহ এক ব্যক্তির জ্বলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খড়ের গাদার মাঝে জ্বলছে স্কুটি সহ দেহটি। এমন ভয়ানক ঘটনা দেখে আঁতকে উঠেছেন সকলেই। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ধোঁয়ারই এলাকায়।

সকাল সকাল প্রাতঃভ্রমণে বেড়িয়ে বিষয়টি নজরে আসে কতিপয় ব্যক্তির। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ সেখানে ভিড় জমান। ছুটে আসে পুলিশ। উপস্থিত হন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা, রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি সহ পদস্থ কর্তারা। দেহটি পুরোপুরি পুড়ে গিয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দগ্ধ দেহ, স্কুটি ও আনুসাঙ্গিক নমুনা উদ্ধার করে পাঠিয়েছে পরীক্ষার জন্য। পুলিশ উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। আতঙ্কিত সাধারণ মানুষজন।

অবশেষে হেমতাবাদে জ্বলন্ত দেহ উদ্ধার কান্ডে প্রকাশ্যে এল মৃতের নাম পরিচয়। দেহ সনাক্ত করেছেন পরিবারের লোকজন। জানা গিয়েছে, মৃতের নাম বিট্টু ক্ষেত্রি। বাড়ি হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি এলাকায়। ঘটনায় শোকে ভেঙ্গে পড়েছেন পরিবারের লোকজন। বাড়িতে তার অন্তসত্ত্বা স্ত্রী রয়েছে।

Advertisement
ads

জয়নাল আবেদিন নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, স্কুটি সহ মানুষটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। খুন বলেই মনে হচ্ছে প্রাথমিক ভাবে। এই এলাকা আগে কখনও এমন ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা নুর সরকার বলেন, প্রাতঃভ্রমণে বেড়িয়ে ঘটনাটি নজরে আসে। দুদিকে খড়ের পালার মাঝে জ্বলছিল দেহটি। ঘটনায় সকলেই আতঙ্কিত। খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

মৃতের দাদা বাবন ক্ষেত্রি বলেন, শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন বিট্টু। সাধারণ ভাবেই বাড়ি থেকে তিনি বেড়িয়েছিলেন রাত আটটা থেকে সাড়ে আট টা নাগাদ। তারপর আর খোঁজ মেলেনি। রাতে থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল। এরপর সকালে প্রকাশ্যে আসে এই ঘটনা।

হেমতাবাদ থানার ধোয়ারই এলাকায় খড়ের পালার মাঝে স্কুটি সমেত বিট্টুর দগ্ধ দেহ উদ্ধার হয়। পুরো শরীর পুড়ে গিয়েছে তার। পুলিশ দগ্ধ দেহ ও স্কুটি উদ্ধার করেছে। বাবন বাবু আরও জানান, বিট্টু গাড়ি কেনা বেচা করতেন। সাথে সুদের কারবার ছিল তার।

Advertisement
ads

গত দুদিন আগে টাকা পয়সা নিয়ে ফোনে ঝামেলা হচ্ছিল তার৷ পাশাপাশি গত দেড় বছর আগে রায়গঞ্জের দেবীনগরে একটি দোকানের জায়গা নিয়েও তার ঝামেলা হয়ছিল। কি কারনে এমন ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। তবে বিট্টুকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার।