বিশ্বের খবর
ফের নির্বাচনে লড়তে চান ট্রাম্প
নিউজ ডেস্ক , ১৯ ফেব্রুয়ারি : ২০২৪ সালের নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প । তার এখনও দাবি গত নির্বাচনে জয়ী হয়েছেন তিনিই । সাম্প্রতিক সাক্ষাৎকারে এমনই কথা জানিয়েছেন তিনি। হোয়াইট হাউস ছেড়ে আসার পর এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেন, অত্যন্ত প্রতারণার মত কান্ড ঘটেছে। যা তৃতীয় বিশ্বের দেশগুলির নির্বাচনের মতো হয়েছে। আমি মনে করি, আমরাই বিপুল ব্যবধানে জয়ী হয়েছি।
তিনি আরও বলেন, হোয়াইট হাউস ছাড়া পর সত্যিই আমি চুপ করে থাকার চেষ্টা করেছি। ক্যাপিটল ভবনে হামলার পর ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হওয়ার কারণে তিনি সমর্থকদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এ ব্যপারে তিনি বলেন, আমি টুইটারে আর ফিরে যেতে চাই না। এটি খুবই বিরক্তিকর। আর প্রচুর মানুষ এসব সামাজিক মাধ্যম ছেড়ে দিচ্ছে। তিনি জানান, সমর্থকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে নিজস্ব প্ল্যাটফরম চালুর চিন্তাভাবনা রয়েছে তার। তাহলে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনই কিছু বলতে চাইছি না। তবে আমাদের বিপুল সমর্থন রয়েছে। তার পরিকল্পনার বিষয়ে জানান, রিপাবলিকান দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে থাকতে চান তিনি। এ সময় তিনি সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলের সমালোচনাও করেন। প্রেসিডেন্ট পদে না থাকাটা ‘মিস’ করছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ‘মিস’ করছি। সবকিছু ভালো হচ্ছিল। এখন অনেক খারাপ হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কর্মকাণ্ডও তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
এদিকে ট্রাম্পের সমালোচনাকে পাত্তা না দেওয়ার কথা বলেছেন সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। তিনি বলেন, ক্যাপিটলে হামলায় ট্রাম্পের দায় রয়েছে। এরপর ট্রাম্প ম্যাককনেলের সমালোচনা করে বলেন, সে জেদি, একরোখা মানুষ। তার মাধ্যমে রিপাবলিকান দলে ভালো কিছু আসবে না। যারা তাকে অনুসরণ করবেন ভবিষ্যতে তারা নির্বাচনে হারবেন। ট্রাম্পের সমালোচনা ম্যাককনেল হেসে উড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন।
