বিশ্বের খবর
মসজিদে বোমা তৈরির প্রশিক্ষণ চলার বিস্ফোরণ ঘটে মৃত্যু ৩০ তালিবানি জঙ্গির
নিউজ ডেস্ক , ১৮ ফেব্রুয়ারি : মসজিদের ভিতরে চলছিল জিহাদি কার্যকলাপ। বোমা বানানোর প্রশিক্ষণ চলার সময় বিস্ফোরণ ঘটে মৃত্যু হলো ৩০ জন তালিবানি জঙ্গির। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের (Afghanistan) বালখ প্রদেশে। ঘটনার সত্যতা স্বীকার করে এমনটাই জানিয়েছে আফগান সেনা।
দীর্ঘদিন ধরেই তালিবানদের আঁতুড়ঘর আফগানিস্তান। নিত্যদিন জেহাদি কার্যকলাপ, অত্যাচার আর অশান্তিতে ডুবে রয়েছে আফগানিস্তান। এই পরিস্থিতিতে মসজিদে বোমা তৈরির কাজ চলাকালীন বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছে ৩০ জন তালিবানি জঙ্গির। বালাখ প্রদেশের এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে আফগান সেনা। মসজিদ গুলিতে জেহাদি কার্যকলাপ ঠেকাতে বদ্ধপরিকর তারা। উল্লেখ্য বছরখানেক ধরে শান্তি আলোচনা চলছে তালিবান ও আফগান সরকারের মধ্যে। মধ্যস্থতায় রয়েছে মার্কিন প্রশাসনও। এরই মধ্যেই প্রতিনয়ত হিংসার ঘটনা ঘটেই চলেছে আফগানিস্তানের মাটিতে। এমনকী বাইডেন প্রশাসনও সম্প্রতি তালিবানের বিরুদ্ধে চুক্তি না মানার অভিযোগ তুলেছে। এই পরিস্থিতিতে সে দেশে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তালিবান। চলতি মাসেই আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকায় নিরাপত্তারক্ষীদের একটি চেকপোস্টে হামলা চালায় জঙ্গিরা। অত্যাধুনিক একে-৪৭ রাইফেল ও রকেট লঞ্চার নিয়ে সরকারি বাহিনীর উপর আচমকা আঘাত হানে জেহাদিরা। ফলে সামলে ওঠার আগেই বেশ কয়েকজন সৈনিকের মৃত্যু হয়। ওই হামলায় সব মিলিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম হন বেশ কয়েকজন।
