কলকাতা
বিজেপির রাজ্য সভাপতি পদে অগ্নিমিত্রার নামে পড়ল পোস্টার, চাঞ্চল্য কেষ্টপুরে
নিউজ ডেস্ক: নতুন জল্পনা শুরু বিজেপির অন্দরে! বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন এই চলছে তুমুল জল্পনা! তালিকায় নাম রয়েছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ আরও অনেকের। এবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের নামে পোস্টার পড়াকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো!
দোল উৎসবের দিন রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। ১৮টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন এখনও বাকি থাকলেও তখন থেকেই রাজ্য রাজনীতির অভ্যন্তরে অপার কৌতূহল, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হবেন কে?
বৃহস্পতিবার অগ্নিমিত্রা পালকে রাজ্য সভাপতি পদে চেয়ে একাধিক পোস্টার দেখা গেল কলকাতার কেষ্টপুরে। আজ কলকাতার কেষ্টপুরে ভিআইপি রোডে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালের নামে একাধিক পোস্টার দেখা যায়। সেই পোস্টারে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্ৰা পালকে ২০২৬ সালে বাংলার মুখ্যচরিত্র ও ‘নারী শক্তির রক্ষাকবচ’ বলে সম্বোধন করা হয়েছে।
আরও পড়ুন – মুর্শিদাবাদে মৃত ৩, শ্রদ্ধা জানাতে বিজেপির তরফে পালন হিন্দু শহিদ দিবস
তবে প্রশ্ন হল, কে বা কারা ওই পোস্টারগুলি লাগিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে পোস্টারে লেখার ধরন দেখে অনেকেই মনে করছেন, যারা এই পোস্টার লাগিয়েছেন তারা অগ্নিমিত্রার অনুগামী হতে পারেন। অপর একটি অংশ মনে করছেন, এটা দলের বিক্ষুদ্ধ গোষ্ঠীরও কাজও হতে পারে বলে। এইভাবে পোস্টার লাগিয়ে দলের মধ্যে কোন্দল তৈরির চেষ্টা হচ্ছে বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল।
এব্যাপারে বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেছেন, এসব পোস্টার দেওয়ার কোনও মানে হয় না। এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল অরাজনৈতিক নন, যে তিনি নিজে এই কাজ করাবেন। এটা তারাই করেছে, “যাদের নেই কাজ তো খই ভাজ!”
আরও পড়ুন – মুর্শিদাবাদে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু! NIA তদন্তের দাবি
