'ভোলেনি ভারত, ক্ষমাও নেই'! অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে চরম হুঁশিয়ারি মোদীর
Connect with us

অপারেশন সিঁদুর

‘ভোলেনি ভারত, ক্ষমাও নেই’! অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে চরম হুঁশিয়ারি মোদীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলার বদলায় শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর প্রথম বর্ষপূর্তিতে পাকিস্তানকে ফের কড়া বার্তা দিল ভারত। বৃহস্পতিবার এই বিশেষ দিনটি স্মরণ করে একাধিক ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। সেখানে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, “সন্ত্রাসবাদীদের কোনও রেহাই নেই। জঙ্গিদের খুঁজে খুঁজে শাস্তি দেবে ভারত।”

সেনাবাহিনীর প্রকাশিত ভিডিওতে সামরিক পরিকল্পনা (Military Planning), কৌশল এবং জঙ্গি ঘাঁটিতে অভিযানের একাধিক দৃশ্য তুলে ধরা হয়েছে। সেনার বক্তব্য, এই অভিযান ছিল অত্যন্ত পরিকল্পিত ও সফলভাবে পরিচালিত। তিন বাহিনীর সমন্বিত অভিযানই অপারেশনকে আরও শক্তিশালী করে তুলেছিল। আরও একটি ভিডিও বার্তায় সেনাবাহিনী জানায়, “ভারত কিছুই ভোলেনি এবং ক্ষমাও করেনি।”

অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজের এক্স (X) হ্যান্ডলের প্রোফাইল ছবিও বদলে দেন। তাঁর পাশাপাশি বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নির্মলা সীতারামন এবং অশ্বিনী বৈষ্ণব-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও একইভাবে ভারতীয় সেনার শৌর্যকে সম্মান জানান।

Advertisement
ads

প্রধানমন্ত্রী মোদী এক বার্তায় বলেন, “অপারেশন সিঁদুরে ভারতের বিজয় আমাদের সেনাদের অসাধারণ সাহস ও দেশপ্রেমের প্রতীক। পহেলগাঁওয়ে নিরীহ ভারতীয়দের উপর হামলার যোগ্য জবাব দিয়েছে সশস্ত্র বাহিনী।”

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরস্ত্র ভারতীয় নিহত হন। অভিযোগের তির ওঠে লস্করের ছায়া সংগঠন টিআরএফের (TRF) দিকে। এর জবাবে ৭ মে ভোররাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (POK) নয়টি জঙ্গিঘাঁটিতে আঘাত হানে ভারতীয় সেনা। মাত্র চার দিনের অভিযানে ১০০-র বেশি জঙ্গি এবং বহু পাক সেনা নিহত হয় বলে দাবি ভারতের।

এরপর সীমান্তবর্তী এলাকায় পাল্টা হামলার চেষ্টা চালায় পাকিস্তান। তবে ভারতীয় সেনার প্রত্যাঘাতে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত ইসলামাবাদের অনুরোধে সংঘর্ষবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি। এক বছর পর ফের সেই অভিযানের স্মৃতি তুলে ধরে ভারত স্পষ্ট করে দিল, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও আপস নয়।

Advertisement
ads
Continue Reading
Advertisement