ভাইরাল খবর
সেমেস্টারে বদলাচ্ছে উচ্চ মাধ্যমিক, একসঙ্গে চলবে দু’ধরনের পরীক্ষা
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সাল থেকে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ধরন। আগামী বছর থেকেই দ্বাদশ শ্রেণির জন্য চালু হচ্ছে সেমেস্টার ভিত্তিক (Semester-based) পরীক্ষা ব্যবস্থা। বুধবার সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানান, প্রায় পাঁচ দশক পরে প্রথমবার বড়সড় রদবদল হতে চলেছে উচ্চ মাধ্যমিকে।
নতুন নিয়মে কী থাকছে?
২০২৬ সালে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা দিতে চলেছে দুই দফায় পরীক্ষা— তৃতীয় (Third Semester) এবং চতুর্থ সেমেস্টার (Fourth Semester)। এর মধ্যে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হবে ৮ সেপ্টেম্বর, ২০২৫ থেকে এবং চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। চতুর্থ সেমেস্টার হবে ১২ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সেমেস্টারগুলোতেই মূল উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।
অকৃতকার্যদের জন্য পুরনো সুযোগ
২০২৫ সালের উচ্চ মাধ্যমিকে যারা অকৃতকার্য হয়েছে বা টেস্টে (Test Exam) পাস করতে পারেনি, তাঁদের জন্য রইল বিকল্প পথ। তারা ইচ্ছা করলে পুরনো পদ্ধতিতে (Traditional System) পরীক্ষায় বসতে পারবে। এই পুরনো মোডে উচ্চ মাধ্যমিকও ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ, একই সময়ে পুরনো ও নতুন দু’ধরনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।
অকৃতকার্য ছাত্রছাত্রীরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে, তারা কোন পদ্ধতিতে পরীক্ষা দিতে চায়— পুরনো না সেমেস্টার ভিত্তিক। এ বিষয়ে সংসদ জানিয়েছে, দুই পদ্ধতির পরীক্ষার বিস্তারিত রুটিন (Exam Routine) খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
চলতি শিক্ষাবর্ষেই শুরু সেমেস্টার পাঠক্রম
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শুরু হয়েছে সেমেস্টার পদ্ধতিতে পঠনপাঠন ও মূল্যায়ন। একাদশ শ্রেণিতে রয়েছে প্রথম ও দ্বিতীয় সেমেস্টার। দ্বাদশে থাকছে তৃতীয় ও চতুর্থ সেমেস্টার। উচ্চ মাধ্যমিক এখন থেকে হবে মূলত দ্বাদশ শ্রেণির দুটি সেমেস্টার (৩য় ও ৪র্থ) ধরে।
চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “১৯৭৮ সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে পদ্ধতি চলছিল, এবছরই তা শেষ হল। আগামী বছর থেকে সেমেস্টার ভিত্তিক নতুন এক অধ্যায় শুরু হবে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায়।”
