উত্তর দিনাজপুর
অতিরিক্ত ফি হ্রাসের দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ ডালখোলা অগ্রসেন মহাবিদ্যালয়ে
নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ০৬ মার্চ : ডালখোলা অগ্রসেন মহাবিদ্যালয়ে ভর্তি ফি হ্রাসের দাবিতে আন্দোলনে নামলো কলেজের পড়ুয়ারা। শনিবার কলেজের অধ্যক্ষার ঘরের সামনে বিক্ষোভ অবস্থানে বসেন কলেজ পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ কলেজের পড়ুয়াদের ভর্তি ফি অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে তাছাড়া অনেক ক্ষেত্রে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে।
এইসমস্ত ফি হ্রাসের দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। যদিও এ বিষয়ে কলেজের অধ্যক্ষা জয়িতা বসু জানান, সমস্ত বিষয় খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ডালখোলা অগ্রসেন মহাবিদ্যালয় তৃতীয় সেমিস্টারের ছাত্র এমডি মাসুদ আলম জানিয়েছেন ভর্তি ফি অনেকটা পরিমাণে বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি বিভিন্ন বিষয়ে ফি নেওয়া হলো সমস্ত পরিষেবা ঠিকমতো পাওয়া যায় না। বর্তমানে জেনারেল বিভাগের ছাত্র ছাত্রীরা ১৫৮৫ এবং স্নাতক বিভাগের ছাত্র ছাত্রীরা ২২০০ টাকা সেমিস্টার ফি দেয়। আমাদের দাবি ৯৫০ থেকে ১০০০ এর মধ্যে এই ফি করতে হবে। দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কলেজের ছাত্র-ছাত্রীরা। অন্যদিকে এবিষয়ে ডালখোলা অগ্রসেন মহাবিদ্যালয়ে অধ্যক্ষা জয়িতা বসু জানান এই বিক্ষোভ সম্পর্কে জানা ছিল না। এমনকি ছাত্র-ছাত্রীরাও তেমন কিছু জানায়নি। বিগত দিনে অনেকাংশে কমানো হয়েছে। এরপরও ফি কমানোর চেষ্টা করব। তবে এরপরেও যদি ফি কমানোর দাবি জানানো হয় তাহলে কলেজের দায়িত্বপ্রাপ্ত সকলের সাথে আলোচনায় বসা হবে তারপরই নেওয়া হবে সিদ্ধান্ত। সমস্ত বিষয় খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
