রায়গঞ্জে চালু হল স্পেশাল ট্রেন, লোকাল ট্রেন চালুর দাবি যাত্রীদের
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জে চালু হল স্পেশাল ট্রেন, লোকাল ট্রেন চালুর দাবি যাত্রীদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৭ নভেম্বর :  ছট পুজো উপলক্ষ্যে রায়গঞ্জে সকালে স্পেশাল ট্রেন চালু করল রেল কর্তৃপক্ষ৷ রাধিকাপুর কাটিহার রুটে ৯ দিনের জন্য একটি স্পেশাল ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা। তাদের বক্তব্য লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় দীর্ঘদিন ধরেই তাদের যাতায়াত করতে সমস্যা হচ্ছে৷ বাসে চড়লে অধিক ভাড়া এবং ঘুরপথে সময় নষ্ট হচ্ছে। অবিলম্বে জেলাস্তরেও ট্রেন চালু করা হোক ৷

করোনা সংক্রমনের হদিস মিলতেই চলতি বছর মার্চ মাসের শেষের দিকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায় গোটা দেশে। সম্প্রতি রাজ্য সরকার এবং রেল মন্ত্রক আলোচনা করে দীর্ঘদিন বাদে কলকাতার লাইফ লাইন বলে পরিচিত লোকাল ট্রেন চালু করলেও জেলাগুলিতে এখনো ট্রেন পরিষেবা চালু হয়নি৷ ফলে তীব্র সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ৷ বাসে চলাচল করলেও গুনতে হচ্ছে অধিক ভাড়া। নষ্ট হচ্ছে সময়ও। তাই দ্রুত ট্রেন পরিষেবা স্বাভাবিক করার দাবি তুলছেন জেলার সাধারণ মানুষ। এরই মধ্যে ছট পুজো উপলক্ষ্যে ৯ দিনের জন্য সকালে স্পেশাল ট্রেন চালু করলো রেল কর্তৃপক্ষ৷ ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই ট্রেন পরিষেবা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। কারণ ছট পুজো উপলক্ষে বিহারের কাটিহার জেলার বারসই সহ অন্যান্য এলাকার বাসিন্দা পুজোর কেনাকাটা করতে রায়গঞ্জ শহরে আসেন৷ পাশাপাশি রায়গঞ্জ মহকুমার কালিয়াগঞ্জ, রায়গঞ্জের সাধারণ মানুষও কাটিহার, বারসইয়ে যাতায়াত করেন আত্মীয় বাড়িতে।

ফলে তাঁদের যাতে কোনো অসুবিধা না হয় এই ছট পুজোর মধ্যে তারজন্য হলে যাতায়াতের সুবিধার্থে সাময়িক ৯ দিনের জন্য স্পেশাল ট্রেন পরিষেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জের রেলের স্টেশন মাস্টার রাজ কুমার। তিনি বলেন, সরকারি কোভিড ১৯ গাইড লাইন মানতে হবে যাত্রী সাধারণকে। মুখে অবশ্যই মাস্ক পড়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সহ সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেনে যাতায়াত করতে পারবে যাত্রীরা। দীর্ঘ কয়েকমাস পর ৯ দিনের জন্য রাধিকাপুর-কাটিহার রুটে স্পেশাল ট্রেন পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা। তবে তাঁদের প্রশ্ন, কলকাতায় যদি লোকাল ট্রেন চালু হয় তাহলে জেলাস্তরে লোকাল ট্রেন চালু করতে অসুবিধা কোথায়?